পরিকল্পিত নগরের প্রত্যাশা

সিটি করপোরেশনের ভোটাররা শুধু প্রতিশ্রুতিই নয়,পরিকল্পিত নগর গড়তে প্রতিশ্রুতির বাস্তবায়ন চান।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল সিটি করপোরেশনেরে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে প্রবাহিত মোহাম্মদপুর খালটি এখন মৃতপ্রায়। সম্প্রতি তোলা ছবি
প্রথম আলো

বরিশাল শহর পৌরসভা থেকে ২০ বছরের বেশি সময় আগে  সিটি করপোরেশনে উন্নীত হলেও উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে। অনেক ওয়ার্ডে ন্যূনতম নাগরিক সুবিধাও নিশ্চিত হয়নি। বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর আমলে গত চার বছরে নগরের অধিকাংশ রাস্তাঘাট বেহাল। জলাবদ্ধতায় নাকাল হচ্ছে শহরবাসী। উন্নয়ন না হলেও গৃহকর বেড়েছে অন্তত ১০ গুণ। 

এমন পরিস্থিতিতে এবার পঞ্চম মেয়াদে সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ জুন। এই নির্বাচনকে ঘিরে এখন প্রার্থীদের প্রচার-প্রচারণা তুঙ্গে। মেয়র পদে সাতজন প্রার্থী হলেও এখানে আলোচনায় আছেন চারজন। এবার আওয়ামী লীগের মনোনয়ন পাননি বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ। পেয়েছেন তাঁর চাচা আবুল খায়ের ওরফে খোকন সেরনিয়াবাত। সাদিকের সঙ্গে দূরত্ব থাকা আবুল খায়ের আবদুল্লাহ মনোনয়ন পাওয়ার পর তিনি প্রচার-প্রচারণায় বেশি জোর দিচ্ছেন ভাতিজা সাদিকের চার বছরের ব্যর্থতা ও নানা ধরনের অনিয়ম দূর করার ওপর।

শুক্রবার নগরের চকবাজার এবাদুল্লাহ মসজিদে জুমার নামাজ শেষে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘বরিশালে গৃহকরের ব্যাপারে নাগরিকদের সঙ্গে একধরনের জুলুম হয়েছে। আমি জয়ী হলে এটা অবশ্যই সহনীয় করবে। শহরের কোনো উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী এই অঞ্চলের অনেক উন্নয়ন করেছেন; কিন্তু বরিশাল এ ক্ষেত্রে পিছিয়ে আছে। নগরবাসী নানা জুলুমের শিকার হয়েছেন, মর্যাদা পাননি। আমার প্রধান কাজ হবে নগর ভবনকে মানুষের জন্য উন্মুক্ত করে নাগরিকদের মর্যাদা ফিরিয়ে দেওয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এ জন্যই এবার মনোনয়ন দিয়েছেন বরিশালকে একটি নাগরিক প্রত্যাশার  স্বপ্নের শহরে পরিণত করার জন্য।’

■ শহরের খালগুলো ভরাট হয়ে বর্ষাকালে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়।

■ জলাবদ্ধতা দূর করতে খালগুলো দ্রুত খননের ব্যবস্থা করতে হবে।

■ যানজট দূর করতে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ করতে হবে।

নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম। রূপাতলী এলাকায় জুমার নামাজ শেষে গণসংযোগকালে তিনি  বলেন, ‘জয়ী হলে বরিশাল শহরে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন ও ইনসাফ প্রতিষ্ঠা করব। নারীদের জন্য আলাদা গণপরিবহনের ব্যবস্থা করব।’ 

জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন শুক্রবার দুপুরে নগরের সাগরদি এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, নাগরিক এসব সুবিধা নিশ্চিত করার পাশপাশি তরুণদের কর্মসংস্থানের সুযোগ এবং তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণে তিনি কাজ করবেন।

স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রূপণ শুক্রবার রূপাতলী এলাকায় গণসংযোগকালে পিছিয়ে থাকা বর্ধিত ওয়ার্ডগুলোর নাগরিক সুবিধা নিশ্চিত, সড়ক ও নালা ব্যবস্থার উন্নয়ন এবং গৃহকর সহনীয় করার প্রতিশ্রুতি দিচ্ছেন।  

তবে বরিশাল নগরের বাসিন্দারা শুধু প্রতিশ্রুতি নয়, তাঁরা চান জনপ্রতিনিধিরা এসব সমস্যা সমাধানে বাস্তব উদ্যোগ নেবেন। নগরের বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সঙ্গে আলাপ করে জানা জানা যায়, বরিশালকে তাঁরা একটি পরিকল্পিত এবং পরিবেশবান্ধব নগর হিসেবে দেখতে চান।  যিনি নতুন নেতৃত্ব পাবেন, তিনি আন্তরিকভাবে এসব জনপ্রত্যাশা বাস্তবায়নে কাজ করবেন—এমন প্রত্যাশা তাঁদের।

বর্ষা মৌসুমে জলাবদ্ধতার মতো সমস্যা বেশ ভোগাচ্ছে নগরবাসীকে। একসময় নগরজুড়ে প্রবহমান ছিল অসংখ্য খাল। দখলে-দূষণে এবং অপরিকল্পিত উন্নয়নে সেসব খালের অধিকাংশ নিশ্চিহ্ন হয়ে গেছে। যেসব খাল এখনো টিকে আছে, সেগুলোরও অস্তিত্ব হুমকিতে। ফলে কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে  বরিশাল নগরে দেখা দিচ্ছে মারাত্মক জলাবদ্ধতা। এই সংকট ক্রমেই প্রকট হয়ে হচ্ছে। 

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বরিশাল বিভাগীয় সমন্বয়কারী রফিকুল আলম বলেন, ‘একটি নগরের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে পরিবেশ, প্রতিবেশ, পানি ব্যবস্থাপনাসহ প্রাকৃতিক বিষয়গুলো যুক্ত করা না গেলে সেই উন্নয়ন নগরবাসীর জন্য অপ-উন্নয়নে পর্যবসিত হবে।

 সচেতন ব্যক্তিরা জানান, উন্নত, আধুনিক ও পরিকল্পিত শহর গড়ার লক্ষে৵  ২০১১ সালের ১৯ অক্টোবর মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) হাতে নেওয়া হয়। কিন্তু এরপর এক যুগ  অতিবাহিত হলেও ওই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। একই সঙ্গে গত ফেব্রুয়ারিতে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) আইন ২০২২-এর খসড়া তৈরি হলেও এই আইন চূড়ান্ত হয়নি। 

দখল ও মৃত খাল উদ্ধার

নগরে  ২৩টি খাল ও ২৫টি শাখা ছিল। উন্নয়নের নামে এসব শাখা খালকে নালায় রূপান্তর করা হয়েছে। বলা চলে নগরের মধ্যে চার থেকে পাঁচটি খাল কোনোমতে প্রবহমান এবং নগরীর প্রান্তসীমানায় আরও ছয় থেকে সাতটি খাল টিকে থাকলেও সেগুলোও দখল–দূষণে অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। নগরের জলাবব্ধতার মূলে রয়েছে এই খালগুলোর দখল-বিলুপ্তি। এ অবস্থা দূরীকরণে এসব খালের সিএস মৌজার ম্যাপ অনুসরণ করে সীমানা নির্ধারণের পর স্থায়ী পিলার স্থাপন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খনন করার দাবি তুলেছেন স্থানীয় লোকজন।

পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন বলেন, ‘মাস্টারপ্ল্যানের সঙ্গে  অবশ্যই একটি ‘ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ)’ নির্ধারণ করতে হবে, যেখানে নগরের জলাশয়, খালসহ ‘ফ্ল্যাশ ফ্লাড জোন’, ‘রিটেনশন এলাকা’ এবং ড্রেনের পানি অপসারনের ‘ক্যাচমেন্ট এরিয়া’ সুনির্দিষ্ট করতে হবে। সেই সঙ্গে আগে সেগুলোকে ‘পরিবেশগত সংবেদনশীল এলাকা’ হিসেবে চিহ্নিত করে স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নিতে হবে।

বর্জ্য ব্যবস্থপনা ও যানজট  

শহরের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নেরও দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে নগরে খোলা স্থানে বর্জ্য অপসারণ করায় পরিবেশদূষণের মাত্রা অসহনীয় হয়ে উঠেছে। এ ক্ষেত্রে পচনশীল ও সাধারণ বর্জ্য; ধাতব, কাচ ও অন্যান্য এবং পলিথিন, প্লাস্টিক, চিকিৎসা বর্জ্য আলাদাভাবে সংরক্ষণ করার ওপর জোর দিয়েছেন তাঁরা।