লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৪ বছরের কারাদণ্ড
লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় হাফিজুর রহমান (৪২) নামের এক যুবকের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত হাফিজুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের আলী আহম্মদের ছেলে। তাঁর বিরুদ্ধে সীতাকুণ্ড ও চন্দ্রগঞ্জ থানায় মাদক মামলা রয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলা ও আদালত সূত্র জানা যায়, ২০২১ সালের ৪ আগস্ট রাতে বশিকপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে আওয়ামী লীগের নেতা হারুনুর রশিদকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন নিহত ব্যক্তির ছেলে আল আমিন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অজ্ঞাতনামা ছয় থেকে সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় একই বছর ২০ সেপ্টেম্বর ঢাকা থেকে পুলিশ হাফিজুরকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার সত্যতা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যানুযায়ী বালাইশপুরের একটি বাগান থেকে একটি দেশি অস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ।পরে ২৫ সেপ্টেম্বর অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে হাফিজুরের বিরুদ্ধে মামলা করে। একই বছরের ১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক দুলাল মিয়া আদালতে অভিযোগপত্র জমা দেন।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে অস্ত্র মামলায় হাফিজ দোষী প্রমাণিত হন। এতে আদালত তাঁকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন।