নাটোরে নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান নির্বাচন কমিশনার রাশেদার
‘আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে আসবেন, আমরা সেই পরিবেশ তৈরি করেছি। যদি কেউ ভয় দেখান বা হুমকিধমকি দেন, তাহলে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন। আইন অনুসারে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
নাটোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন।
সাংবাদিকেরা ভোট দিতে যাওয়া নিয়ে ভোটারদের আতঙ্কের কথা জানালে রাশেদা সুলতানা বলেন, আগে ভোটারদের হুমকি দেওয়া হলে হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল না। কমিশন নতুন আইন করেছে। আইনে হুমকিদাতাকে অপরাধী সাব্যস্ত করে শাস্তি দেওয়ার বিধান রয়েছে। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
মতবিনিময় সভায় অংশ নেওয়া নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম বলেন, ‘আমি কমিশনকে জানিয়েছি, নৌকার প্রার্থীর লোকজন আমাকে ও আমার কর্মীদের হয়রানি করছে। এ ব্যাপারে আমি সংশ্লিষ্টদের কাছে তিনটি অভিযোগ দিয়েছি। অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। কমিশনার তাৎক্ষণিক রিটার্নিং কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।’
নাটোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার প্রথম আলোকে জানান, তিনি নির্বাচন কমিশনারকে আচরণবিধির ব্যাপারে দেওয়া অভিযোগগুলোয় দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। তাঁর কথার সূত্র ধরে নৌকার প্রার্থী শফিকুল ইসলাম বলেন, ‘আমি নাকি শুধু শুধু দরখাস্ত দিয়ে যাচ্ছি। আমি আইন মানতে পছন্দ করি বলেই দরখাস্ত দিচ্ছি। এতে তো অন্যায় করিনি। কমিশন আমার বক্তব্য আন্তরিকভাবে শুনেছে এবং মিলেমিশে নির্বাচন করতে বলেছে। নির্বাচন কমিশনার আমাদের বলেছেন, “আপনারা মিলেমিশে শান্তিপূর্ণভাবে ভোট না করলে আপনাদের মানসম্মান যাবে, আমাদের মানসম্মান যাবে এমনকি প্রধানমন্ত্রীর মানসম্মান যাবে।”’
নাটোর-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী নুরুন্নবী মৃধা প্রথম আলোকে বলেন, ‘আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা তুলে ধরেছি। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে বলেছি। ভোটারদের নিরাপদে ভোট দিতে ও ভোট দিয়ে বাড়ি যেতে পারার নিশ্চয়তা দেওয়ার অনুরোধ করেছি। নির্বাচন কমিশনার সংশ্লিষ্টদের এ ব্যাপারে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন।’
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক আনিসুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন হায়দার, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম।