এক মাসে ৪ হাজার পশুকে দেওয়া হলো চিকিৎসা

  • লাম্পি স্কিন ছোঁয়াচে রোগ। আক্রান্ত গরুর লালাযুক্ত খাবার অন্য গরু খেলে সেটিও আক্রান্ত হতে পারে।

  • মশা-মাছির মাধ্যমেও এ রোগ ছড়ায়। তাই আক্রান্ত গরুকে আলাদা রাখতে হবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার বিভিন্ন উপজেলায় গবাদিপশু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হচ্ছে। দেড় মাস আগে এ রোগ ছড়িয়ে পড়ে। এ রোগে আক্রান্ত গবাদিপশুর সঠিক সংখ্যা জানা যায়নি। তবে গত এক মাসে এই রোগে আক্রান্ত চার হাজার পশুকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে।

খামারিরা বলছেন, লাম্পি স্কিন রোগে গরু আক্রান্ত হলে প্রথমে জ্বর আসে, কিছু খেতে চায় না। এরপর এর চামড়া ফুলে গোটা গোটা হয়ে যায়। এরপর ক্ষতস্থানে ফোসকা পড়ে যায়। অনেক সময় পায়ে পানি জমে ঘা হয়ে যায়।

গাইবান্ধা জেলায় লাম্পি স্কিন রোগে কত গবাদিপশু আক্রান্ত, তার সঠিক হিসাব জানা যায়নি।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্র জানায়, লাম্পি স্কিন অত্যন্ত ছোঁয়াচে রোগ। আক্রান্ত গরুর লালাযুক্ত খাবার অন্য গরু খেলে সেটিও আক্রান্ত হতে পারে। এ ছাড়া মশা-মাছির মাধ্যমেও এ রোগ ছড়ায়। তাই আক্রান্ত গরুকে আলাদা রাখতে হবে। মশারির মধ্যে রাখলে আরও ভালো। এ রোগে মৃত্যুর হার খুব কম।

সাঘাটা উপজেলার ভরতখালী গ্রামের কৃষক আমির হোসেন (৫৫) বলেন, এ এলাকায় লাম্পি স্কিন রোগ আগে দেখা যায়নি। কয়েক দিন আগে তাঁর দুটি গরুর শরীরে গোটা হয়। পরে জ্বর আসে। অনেক চিকিৎসা দেন। এখন গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে এ রোগ ছড়িয়ে পড়েছে। প্রাণিসম্পদ বিভাগ চিকিৎসা দিচ্ছে।

কৃষক জলিল মিয়া (৬০) বলেন, তাঁর তিনটি গরু এ রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে একটি বাছুরের অবস্থা খুব খারাপ। দুধ খেতে পারছে না। নাক, মুখ—সব জায়গায় ঘা হয়েছে।

উল্লা ভরতখালী গ্রামের কৃষক আলম মিয়ার (৫০) অভিযোগ, তাঁর একটি গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে। কিন্তু পশুচিকিৎসক আসেননি।

পলাশবাড়ী উপজেলার মনোহরপুর কৃষক এলাকার চান মিয়া (৬০) বলেন, কয়েক দিন আগে দুটি গরুর শরীর ফুলে যায়। পরদিন সকাল থেকে সারা শরীরে গুটি গুটি হয়ে ঘায়ের মতো হয়। আশপাশের গ্রামেও অনেক গরু এ রোগে আক্রান্ত হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুদার রহমান সরকার মুঠোফোনে বলেন, ভাইরাসজনিত কারণে লাম্পি স্কিন রোগ হয়। এ রোগে গবাদিপশুর মৃত্যুর আশঙ্কা কম। জেলায় লাম্পি স্কিন রোগে কত গবাদিপশু আক্রান্ত, তা হিসাব করা যায়নি। তবে গত এক মাসে জেলায় চার হাজার গবাদিপশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা নিয়মিত টিকা দিচ্ছেন। তিনি আরও বলেন, এ রোগ প্রতিরোধ করতে হলে গবাদিপশু মশারির ভেতরে রাখতে হবে। আর গোয়ালঘর নিয়মিত পরিষ্কার করতে হবে। এ ছাড়া এ রোগের বিস্তার ঠেকাতে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করা হচ্ছে।