‘গরম শরীলে না সলিও প্যাটের দায়ে কাজ কইর্যা যাতেছি’
‘এক দিন কাজে না আসা মানে সেইদিন আয় বন্ধ। পরিবারের সদস্যরা আমার দিকে তাকায়া রইছে। কাজ না হলি কারও প্যাটেই ভাত যাবি না। এর ওপর সামনে ঈদ। তাই শরীলে না সলিও (সহ্য না হলেও) প্যাটের (পেটের) দায়ে কাজ কইর্যা যাতেছি। তবে রইদে খুব কষ্ট হতেছে।’
মঙ্গলবার দুপুরে পাবনার বেড়া পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লায় প্রচণ্ড রোদে দাঁড়িয়ে রাজমিস্ত্রির কাজ করার ফাঁকে কথাগুলো বলছিলেন সজীব হোসেন নামের এক শ্রমিক। তাঁর পাশে দাঁড়িয়ে তখন প্রচণ্ড দাবদাহে হাঁসফাঁস করছিলেন আরও কয়েকজন শ্রমিক।
একইভাবে বেড়া বাসস্ট্যান্ডের পাশের একটি প্রতিষ্ঠানে প্রচণ্ড রোদের মধ্যে ইট টানার কাজ করছিলেন সাত শ্রমিক। তাঁদের সবার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামে। কাজের ফাঁকে তাঁদের একজন ওসমান গণি বলেন, ‘ইটবোঝাই টুকরি মাথায় নিয়্যা একবার যাওয়া-আসা করলি মনে হয় শইলে আগুন ধইর্যা গেছে। বারবার গলা শুকায়া যায়। মনে হয়, এই বুঝি পইড়্যা গেলাম। কিন্তু কাজ না করলি তো প্যাটে ভাত যাবি না।’
কয়েক দিন ধরে বয়ে যাওয়া প্রচণ্ড দাবদাহে বেড়া উপজেলায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন ঘরের বাইরে বের হচ্ছেন না। কিন্তু শ্রমজীবীদের ঘরে বসে থাকার উপায় নেই। কাজ না করলে পরিবারসহ না খেয়ে থাকতে হবে তাঁদের।
উল্লাপাড়া থেকে সকালে বেড়ায় এসে কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরে যাচ্ছেন ওসমান গণিসহ বাবলু প্রামাণিক, সানোয়ার হোসেন ও লালচাঁদ। তাঁরা বলেন, রোদের এমন তেজ তাঁরা জীবনে দেখেননি। একটানা বেশি সময় কাজ করা যাচ্ছে না। রোদে কাজ করার ফাঁকে কিছুক্ষণ পরপর গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতে হচ্ছে।
বেড়া বাসস্ট্যান্ডে যাত্রী নামিয়ে ছায়ায় বসেছিলেন রিকশাচালক সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘এমনিতেই রাস্তায় তেমন কেউ বাইর না হওয়ায় যাত্রী কম। এর ওপর দুই-এক খ্যাপ মারার পর মনে আর হয় না রিকশায় আবারও যাত্রী তুলি। এ অবস্থায় আয় যেমন কম হতেছে, তেমনি খুব কষ্টও হতেছে।’
নৌযান, ইটভাটা, কৃষি, নির্মাণশ্রমিকসহ বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, এমন দাবদাহে তাঁদের কষ্টের শেষ নেই। সবচেয়ে বেশি কষ্ট সহ্য করছেন সরাসরি রোদে কাজ করা শ্রমিকেরা। অনেক সময় কাজ ছেড়ে বিশ্রাম নেওয়ার সুযোগ থাকে না তাঁদের। এরপরও পেটের দায়ে বাধ্য হয়ে কাজ করছেন তাঁরা।
বেড়ার মনজুর কাদের মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা (৪৩ ডিগ্রি সেলসিয়াস) ছিল পাবনার ঈশ্বরদীতে। ঈশ্বরদীর মতো বেড়ায় তাপমাত্রা পরিমাপের জন্য স্বীকৃত কোনো কার্যালয় নেই। তবে বেড়ার তাপমাত্রাও ঈশ্বরদীর কাছাকাছি। এমন তাপমাত্রায় রোদের মধ্যে শ্রমিকদের কাজ করা কষ্টের। প্রখর রোদে কাজ করতে গিয়ে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ছেন।