জগন্নাথপুরে রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলার মানচিত্র

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গ্রামের চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের পূর্ববিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাঙ্গিরগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ১২ জনকে আটক করেছে।

আহত ব্যক্তিদের মধ্যে চারজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন সেলিনা বেগম (৪০), আবদুস সোবহান (৪৪), আকাশ মিয়া (১৭) ও সায়েল মিয়া (১৬)। আহত চারজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত অন্য ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কলকলিয়া ইউনিয়নের সাঙ্গিরগাঁও গ্রামের লিয়াকত আলী ও সাত্তার মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামের একটি রাস্তা দিয়ে চলাচল নিয়ে বিরোধ চলছিল। এর মধ্যে আজ বেলা সাড়ে ১১টার দিকে লিয়াকত আলী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সাত্তার মিয়ার লোকজনের সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে নারী ও কিশোরসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উভয় পক্ষের ১২ জনকে আটক করে পুলিশ। তবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেটে পাঠানো হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ১২ জনকে আটক করা হয়েছে।