বান্দরবান শহর
মিলেমিশে প্রধান খাল দখল
দেড় কিলোমিটারের ম্যাকছিছড়া খালটিতে জাতীয় নদী কমিশনের হিসাবে দখলদার ৮৩ জন। আর পৌরসভা বলছে, দখলদার শতাধিক।
ম্যাকছিছড়া খালের পাড়ে বান্দরবান শহরের অবস্থান। জেলার নামের উৎপত্তিও এই খালকে ঘিরে। কিন্তু খালটি এখন দখলে বিপর্যস্ত ও মৃতপ্রায়। শুষ্ক মৌসুমে খাল শুকিয়ে পানিপ্রবাহ কমে যায়, বর্ষায় পানি উপচে জলাবদ্ধতা হয় শহরে। দেড় কিলোমিটারের খালটিতে জাতীয় নদী কমিশনের হিসাবে দখলদার ৮৩ জন। আর পৌরসভা বলছে, দখলদার শতাধিক।
রাঙামাটিতে কাপ্তাই হ্রদের মতো বান্দরবানেও রাজনীতিবিদেরা দখলে এগিয়ে রয়েছেন। আওয়ামী লীগের পাশাপাশি রয়েছেন বিএনপির নেতারাও। কেউ বাজার ফান্ড থেকে ইজারা নিয়ে কেউবা ব্যক্তিমালিকানাধীন জায়গা নিয়ে ঘর করেছেন খাল দখল করে।
জাতীয় নদী রক্ষা কমিশন ২০১৮ সালের এপ্রিলে দখলদারদের একটি তালিকা তৈরি করে। তাতে ম্যাকছিছড়া খাল দখলদার হিসেবে শনাক্ত ৮৩ জনের মধ্যে জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক জেলা সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান রয়েছেন।
হিলটন হোটেলটি অফিসার্স ক্লাবের জায়গায় উঠেছে। তবে কিছু অংশ খালের পাড়ে পড়েছে।ইয়াছমিন পারভীন তিবরীজি, খাল দখলের কথা স্বীকার করেছেন বান্দরবানের জেলা প্রশাসক
কাজী মজিবুর রহমান এখন পাহাড়ে বাঙালিদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি। তিনি ইসলামপুর এলাকায় রিভারভিউ নামে একটি বহুতল আবাসিক হোটেল নির্মাণ করেছেন প্রায় এক যুগ আগে। এ ছাড়া খাল দখলের তালিকায় তাঁর নামে আরও একটি একতলা ভবনের উল্লেখ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কাজী মজিবুর রহমান বলেন, ‘আমি বাজার ফান্ড থেকে জায়গা ইজারা নিয়ে ভবন করেছি। এখন কেউ যদি বলে দখলদার তালিকায় আছে, তাহলে তো হলো না। নদী বা খাল ভেঙে আমার জায়গায় চলে আসতে পারে। আগে জায়গা পরিমাপ করা হোক।’
সরেজমিনে দেখা যায়, ম্যাকছিছড়া খালটি ইলামপুর এলাকায় গিয়ে সাঙ্গু নদে পড়েছে। ওখানে খালের মুখটি দখল করে হয়েছে চারতলার হোটেল রিভারভিউ। একই এলাকায় পৌর মেয়র ইসলাম বেবীরও একটি দোকান রয়েছে।
এ ছাড়া সাবেক পৌর কাউন্সিলর ও বান্দরবান জেলা বিএনপির সাবেক সদস্য মাহবুবুল আলম এবং অপর সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সভাপতি মো. ওসমান গণিও খাল দখল করেছেন বলে তালিকায় বলা হয়। মাহবুব একটি বেড়ার ঘর তৈরি করেছেন খাল দখল করে। ওসমান দুটি ঘর করেছেন ইসলামপুর এলাকায় খালের জায়গায়। এ ছাড়া আওয়ামী লীগের বর্তমান কাউন্সিলর মো. সেলিমও রয়েছেন দখলদারদের তালিকায়। তাঁর রয়েছে একটি দোকানঘর।
যখন বড় বড় মানুষ দখল করেন, তখন সাধারণ মানুষ বসে থাকেন না। রাজনৈতিক ছত্রচ্ছায়া ছাড়া খাল–নদী দখল করা যায় না। যাঁদের রক্ষার দায়িত্ব, তাঁরাই দখলদার। কমিশনের উচিত হালনাগাদ করে জেলা প্রশাসনকে উচ্ছেদের নির্দেশ দেওয়া।সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী
জানতে চাইলে বিএনপির নেতা মাহবুবুল আলম বলেন, ‘আমি খাল দখল করিনি। খাল এখন আমাদের জায়গার দিকে প্রবাহিত হচ্ছে।’
নদী কমিশনের তালিকায় বলা হয়, ইসলাম বেবীসহ ১২ জনের জায়গার যে দাগ, সেখানে বর্তমানে খালের প্রবাহ নেই। কিন্তু খালের সীমানা অনুযায়ী তালিকাটি প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে মেয়র ইসলাম বেবীর বক্তব্য জানা সম্ভব হয়নি। তাঁকে মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
জাতীয় নদী রক্ষা কমিশনের তালিকায় রাজনৈতিক নেতাদের পাশাপাশি রয়েছেন আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী বলেন, ‘দখল ঠেকাতে হলে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যোগ নিতে হবে। জেলা প্রশাসন কিছু কিছু কাজ করে আমাদের প্রতিবেদন পাঠায়। এটা চলমান প্রক্রিয়া। কিছু উচ্ছেদ হয়, আবার কিছু দখল হয়।’
তালিকার বাইরেও আছে দখলদার
বান্দরবানে ঢোকার মুখে বাসস্টেশন এলাকার পাঁচতলার হোটেল হিলভিউ ও হোটেল হিলটন ভবনের বেশ কিছু অংশ গড়ে উঠেছে খাল দখল করে। নদী কমিশনের তালিকার তাদের নাম নেই। অথচ থ্রি স্টার মানের হোটেল হিলভিউ চালু হয়েছে ২০১৪ সালে। তার পাশের হোটেল হিলটনও চালু হয় ১০ বছর আগে।
সরেজমিনে দেখা যায়, বাসস্টেশন এলাকায় ম্যাকছিছড়া খালের ওপর এখন সেতু নির্মাণের কাজ চলছে। সেতুটির উত্তর পাশে খালটির পাড় ও পানির অংশ ঘেঁষে হিলভিউ হোটেলটির বর্ধিত অংশের নির্মাণকাজ চলছে। এর পেছনে হিলভিউ কনভেনশন সেন্টার। এটিও পড়েছে খালের জায়গায়। মালিক কাজল কান্তি দাশ জেলা আওয়ামী লীগের সহসভাপতির পাশাপাশি আঞ্চলিক পরিষদেরও সদস্য।
জানতে চাইলে কাজল কান্তি দাশ বলেন, ‘খালের সেতুটি আগের অবস্থান থেকে উত্তর দিকে সরে এসেছে। এতে মনে হচ্ছে, আমি খালের ওপর হোটেল তুলেছি। খালের মধ্যভাগ থেকে দুই দিকে ২৫ ফুট করে থাকার কথা। কিন্তু অতটা নেই।’
একই অবস্থা পাশের হিলটন হোটেলেরও। হোটেলের পেছনের অফিসার্স ক্লাব রয়েছে। অফিসার্স ক্লাবটি জেলা প্রশাসনের জায়গায়। তাদের কাছ থেকে ইজারা নিয়ে হিলটন করা হয়।
হোটেলের মালিক পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ প্রথম আলোকে বলেন, তাঁর হোটেলটি অফিসার্স ক্লাব থেকে ইজারা নিয়ে করা হয়েছে। অফিসার্স ক্লাবের সীমানার মধ্যেই এটির অবস্থান।
খাল দখলের কথা স্বীকার করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। তিনি প্রথম আলোকে বলেন, হিলটন হোটেলটি অফিসার্স ক্লাবের জায়গায় উঠেছে। তবে কিছু অংশ খালের পাড়ে পড়েছে।
হিলটনের সামনে খালের পাড়ে নির্মিত হয়েছে গ্র্যান্ড ভ্যালি নামে অপর একটি চারতলা আবাসিক হোটেল। এই হোটেলের মালিক মো. জাহাঙ্গীর নামের একজন ব্যক্তি। তিনি স্থানীয় ব্যবসায়ী।
বড় দখলদারদের উদাহরণ যখন চোখের সামনে, তখন বসে নেই সাধারণ মানুষও। তাঁরাও যে যেভাবে পেরেছে, খালটির গলা টিপে ধরেছে। বাসস্টেশন এলাকায় সেতুর নিচের অংশে বসবাস করছেন বেশ কিছু মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার। জহিরুল ইসলাম নামের এক বাসিন্দা দাবি করেন, তাঁরা বাজার ফান্ড থেকে ইজারা নিয়ে খালের পাড়ে ঘর তুলে বসবাস করছেন।
খাল রক্ষণাবেক্ষণে দায়িত্বে থাকা বান্দরবান পানি উন্নয়ন বোর্ডও দায় সেরেছে সিএস জরিপ না থাকার ‘অজুহাতে’। নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী বলেন, খালি চোখের দেখা যায় খালটি দখল হয়ে গেছে। সমতলের হিসাবে প্লাবনভূমির ১০ মিটার পর্যন্ত জায়গা সরকারি। কীভাবে উচ্ছেদপ্রক্রিয়া করা যায়, সে ব্যাপারে কাজ চলছে।
সরেজমিনে ওয়াপদা ব্রিজ এলাকায় দেখা যায়, খালটির দুই পাশে অসংখ্য পাকা, আধা পাকা বাণিজ্যিক ও আবাসিক স্থাপনা গড়ে উঠেছে। ওয়াপদা ব্রিজের পাশে স্কাই ব্লু হোটেলটি উঠেছে খালের পাড় দখল করেই। ওই অংশে খালের প্রশস্ততা মাত্র ১০ থেকে ১৫ ফুট।
জানতে চাইলে পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম বলেন, ‘খালটির পাড়ে এবং ভেতরে শতাধিক দখলদার রয়েছেন। অনেকে অনুমোদনহীনভাবে ঘর তুলে ফেলেন। আমাদের অনুমোদনের বাইরেও অনেক ভবন নির্মাণ করা হয়েছে।’
জানা গেছে, জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন বাজার ফান্ড থেকে জমি ইজারা নিয়ে এসব স্থাপনা গড়ে ওঠে। বাজার ফান্ড ভূমি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে কাজ করে থাকে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন বলেন, অনেকে বাজার ফান্ড থেকে নেওয়া ইজারার বেশি জায়গা দখল করেছে। এ নিয়ে নতুন করে তালিকা করা হচ্ছে।
খালটি উজানে হাফেজঘোনা হয়ে গিয়ে শেষ হয়েছে হাতিভাঙ্গা এলাকায়। খালের আরেকটি শাখা ওয়াপদা ব্রিজ থেকে আর্মিপাড়া হয়ে জজকোর্টের দিকে গেছে। ভাটি বা নিচের অংশ সাঙ্গুর সঙ্গে মিশে গেছে। পুরো বান্দরবান শহরের পানি প্রবাহিত হয় এই খালের মধ্য দিয়ে। মূল খালের প্রশস্ততা বিভিন্ন জায়গায় ৩০ থেকে ৬০ ফুট পর্যন্ত ছিল। এখন তা আর নেই। সামান্য বৃষ্টিতে ইসলামপুর, কাশেমপাড়া, ওয়াপদা ব্রিজ ও আর্মিপাড়া এলাকা ডুবে যায়।
উচ্ছেদে যত দেরি হবে, দখলদার ততই বাড়বে উল্লেখ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, যখন বড় বড় মানুষ দখল করেন, তখন সাধারণ মানুষ বসে থাকেন না। রাজনৈতিক ছত্রচ্ছায়া ছাড়া খাল–নদী দখল করা যায় না। যাঁদের রক্ষার দায়িত্ব, তাঁরাই দখলদার। কমিশনের উচিত হালনাগাদ করে জেলা প্রশাসনকে উচ্ছেদের নির্দেশ দেওয়া।