কিশোর হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ

সরাইলে কিশোর হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়কে অবরোধ। আজ রোববারছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ মিয়া (১৫) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় কয়েক শ নারী–পুরুষ। আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড় এলাকায় এ কর্মসূচি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ জুলাই কুট্টাপাড়া গ্রামের কিশোর জিহাদ মিয়াকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড় এলাকায় নারীরাও রাস্তায় নামে
ছবি: প্রথম আলো

খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। বেলা ১১টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে অবরোধ চলছিল।