স্বামী হত্যার দায়ে গৃহবধূর ১০ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর জেলার মানচিত্র

লক্ষ্মীপুরে মো. সহিদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর স্ত্রী আমেনা বেগমকে (৩৬) ১০ বছর কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

রায় ঘোষণার সময় গৃহবধূ আমেনা বেগম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত আমেনা বেগমের বাবার বাড়ি রায়পুর উপজেলার বামনী গ্রামে। তাঁর স্বামী নিহত মো. সহিদ হোসেনের বাড়িও একই এলাকায়।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, সহিদ হোসেন দীর্ঘ সময় প্রবাসে ছিলেন। অসুস্থতার কারণে ২০২০ সালের ৮ ডিসেম্বর দেশে চলে আসেন। এর পর থেকে আমেনার সঙ্গে তাঁর পারিবারিক বিষয় নিয়ে বিবাদ শুরু হয়। ২০২১ সালের ২২ মার্চ রাতের খাবার শেষে তাঁরা ঘুমাতে যান। পরদিন সকালে আমেনার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘরে ঢুকে সহিদকে মৃত অবস্থায় দেখতে পান। স্বাভাবিক মৃত্যু ভেবে লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। লাশ গোসল করানোর সময় শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত সহিদের ভাই আবদুল আলী খোকন রায়পুর থানায় হত্যা মামলা করেন। ২০২২ সালের ২৬ এপ্রিল ময়নাতদন্ত প্রতিবেদনে সহিদকে শ্বাসরোধে হত্যার প্রমাণ পাওয়া যায়।

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন বলেন, পারিবারিক কলহের জেরে সহিদ হোসেনকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত আমেনা বেগমকে এই রায় দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। তবে আইন অনুযায়ী, আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে।