খুলনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

খুলনার ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক শাহিনুর রহমান (৪৫) নিহত হয়েছেন। ওই ঘটনায় ট্রাকে থাকা আটটি গরু মারা গেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে খুলনা ও সাতক্ষীরার সীমান্তবর্তী কাঞ্চনপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক শাহিনুর রহমানের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়। ট্রাকটি সাতক্ষীরা থেকে ১৮টি গরু নিয়ে খুলনার দিকে যাচ্ছিল। আর ইমাদ পরিবহনের বাস যাত্রী নিয়ে খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথে ওই দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কনি মিঞা প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর আহত ট্রাকচালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আটটি গরু ঘটনাস্থলে মারা গেছে। ফায়ার সার্ভিস, ডুমুরিয়া থানার পুলিশ ও খর্নিয়া হাইওয়ে থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।