নেত্রকোনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. মুসলেম উদ্দিন ফকির বাদী হয়ে থানায় মামলাটি করেন। পরে মিছিলের ঘটনায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
মামলায় ছাত্রলীগের কর্মী জাহিদুল হাসান ওরফে আকাশ মীরকে প্রধান আসামি করে ৮০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের নারান্দিয়া বাজার এলাকায় ঝটিকা মিছিলের পর রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলেন উপজেলার বিশকাকুনি ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক মো. ফজলুল করিম, পাইলাটি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা ও যুবলীগ কর্মী আনোয়ার হোসেন তালুকদার এবং কালিহর মাইজপাড়া গ্রামের বাসিন্দা ও ছাত্রলীগ কর্মী আনোয়ার হোসেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের নারান্দিয়া বাজার এলাকায় ঝটিকা মিছিল করা হয়। মিছিলের ১ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ভেরিফায়েড পেজে শেয়ার করা হয়। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীদের অনেকে নিজেদের ফেসবুক আইডি থেকে ভিডিও শেয়ার করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন পূর্বধলা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান (ফাহিম) ও ছাত্রলীগ কর্মী জাহিদুল হাসান ওরফে আকাশ মীর। গতকাল বেলা দুইটার দিকে মুনতাসির মাসুদের নিজস্ব ফেসবুক থেকে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, তিনি ও জাহিদুল মিছিলে নেতৃত্ব দিচ্ছেন। ব্যানারে লেখা, ‘সংগ্রামই সাহসীদের পরিচয়, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে...’। তাঁদের দুজনের নেতৃত্বে অন্য নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছেন। নেতা-কর্মীদের কারও হাতে পতাকা, কারও হাতে ব্যানার। আবার কারও হাতে ছবি-সংবলিত প্ল্যাকার্ড। তাঁদের মধ্যে অনেকের মুখ মাস্ক, তোয়ালে বা কাপড় দিয়ে ঢাকা ছিল।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় তিনজন বলেন, শুক্রবার সকাল ছয়টার কিছুক্ষণ পর হঠাৎ বেশ কয়েকজন যুবক একত্র হয়ে স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। প্রায় পাঁচ মিনিট মিছিল করার পর তাঁরা মোটরসাইকেল, ইজিবাইক ও সিএনজিতে করে চলে যান। পরে গতকাল রাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে আটক করে। আজ বিকেলে মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।