কাশিমপুর কারাগারে যেসব সমস্যা পেলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পরিদর্শনে গিয়ে বিভিন্ন সমস্যা দেখতে পেয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। তিনি জানান, কাগজপত্রে কারাগারে বিভিন্ন পদ রয়েছে, কিন্তু বাস্তবে নেই। আজ রোববার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মতে, দেশের সব কারাগারেরই পরিস্থিতি অনেকটা একই রকম। তিনি বলেন, ‘আমি কারাগারগুলো ঘুরে দেখেছি সাইকো সোশ্যাল কাউন্সেলিং করা বা সাইকোলজিস্ট ইত্যাদির খুব অভাব রয়েছে। নেই বললেই চলে, পদ রয়েছে কিন্তু লোকবল নেই। চারটা কারাগার ঘুরে দেখেছি, প্রতিটি হাসপাতালে ডাক্তারস্বল্পতা রয়েছে। এ ছাড়া ভবন পুরোনো। ড্রেনেজ কোথাও কোথাও ভালো, কোথাও খারাপ। দ্বিতীয়ত কারাগারে প্রচণ্ড দুর্গন্ধ। অনবরত যেভাবে গন্ধ আসছে, তাতে সেখানে বসবাস করা কষ্টকর। এ ছাড়া টয়লেটগুলো থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে, যা ব্যবহারের অনুপযোগী।’
কারাগারগুলোকে সংশোধনাগার করার তাগিদ দিয়ে কামাল উদ্দিন বলেন, কারাগারগুলোকে আরও বেশি সমৃদ্ধ করে সংশোধনাগার করা একান্ত প্রয়োজন। যাতে যাঁরা অপরাধের কারণে কারা অভ্যন্তরে রয়েছেন, তাঁরা সংশোধিত হতে পারেন। অনুসূচনা নিয়ে কারাগার থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তাঁরা তাঁদের ভুলগুলো বুঝতে পারেন, সমাজের জন্য কাজ করতে পারেন।
বেলা সাড়ে ১১টায় কাশিমপুর কারাগার পরিদর্শনে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল। তাঁরা মহিলা ও হাইসিকিউরিটিসহ চারটি কারাগার পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা, পরিচালক আশরাফুল আলম, উপপরিচালক কাজী আরফান আশিক, এম রবিউল ইসলাম প্রমুখ।