চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুলের ভগ্নিপতি আটক
গণ-অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি সেলিম আকতার চৌধুরীকে চট্টগ্রাম নগর থেকে আটক করেছে পুলিশ। আজ রোববার রাত নয়টার দিকে নগরের দক্ষিণ খুলশী আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।
সেলিম আকতার নগর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি প্রয়াত সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জামাতা।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান রাতে প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ খুলশী আবাসিক এলাকার ওই বাসা থেকে সেলিম আকতারকে আটক করা হয়েছে। বাসাটিতে মহিবুল হাসানের পরিবারের আরও সদস্য থাকতে পারেন বলে তথ্য রয়েছে পুলিশের কাছে। এ ছাড়া সেখানে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা হচ্ছিল বলে তথ্য পাওয়া গেছে। এ কারণে পুরো বাসায় তল্লাশি চালানো হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সেলিম আকতারকে আটকের পর বাসার বিভিন্ন আলমারিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দেয়ালঘেঁষা বড় আলমারিগুলোর ভেতরে কেউ লুকিয়ে আছেন কি না, তা খতিয়ে দেখছেন পুলিশ সদস্যরা। আলমারিগুলো খোলারও চেষ্টা করছেন তাঁরা।