মাছ কিনে বাড়ি ফেরা হলো না ব্যাংক কর্মকর্তা রিফাতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী মো. রিফাত
ছবি: সংগৃহীত

চার বন্ধুর সঙ্গে রাঙামাটির কাপ্তাইয়ের বাজারে মাছ কিনতে গিয়েছিলেন কাজী মো. রিফাত (২৭)। কিন্তু বাজার থেকে মাছ কিনে আর ঘরে ফিরতে পারেননি তিনি। বাড়িতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান তিনি। আজ শনিবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া কাজী মো. রিফাত কাপ্তাই উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাজী নুরুল কবিরের ছেলে। তিনি বেসরকারি ওয়ান ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোর ৬টার দিকে বাড়ি থেকে চার বন্ধু রিফাত, মিজান, রাজীব ও মোহসেন কাপ্তাই বাজারে মাছ কিনতে বের হন। সকাল ৮টার দিকে মাছ কিনে অটোরিকশায় করে তাঁরা বাড়িতে ফিরছিলেন। পথে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি খালি ট্রাক তাঁদের অটোরিকশাকে ধাক্কা দেয়।

ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান রিফাত। বন্ধুরা তাঁকে উদ্ধার করে স্থানীয় চন্দ্রঘোনা খ্রিশ্চিয়ান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ওই হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বজনেরা জানান, রিফাত তিন ভাইয়ের মধ্যে সবার বড়। গত দুই মাস আগে ওয়ান ব্যাংক চন্দ্রঘোনা শাখায় কর্মকর্তা হিসেবে যোগ দেন তিনি।

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব মিলকী বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও অটোরিকশা পাওয়া যায়নি। সড়ক দুর্ঘটনার বিষয়ে থানায় মামলা হবে।