পরিবারে সচ্ছলতা আনতে বছরখানেক আগে ওমান পাড়ি দিয়েছিলেন পিরোজপুরের সদর উপজেলার চালনা নামাজপুর গ্রামের রাকিবুল হাসান (৩০)। ছয় মাস পর রাকিবুলের যমজ মেয়ে আরিশা ও আইরার জন্ম হয়। তবে জন্মের মাত্র ছয় মাসের মধ্যে অবুঝ শিশু দুটি বাবাকে হারাল। তাঁরা কোনো দিন আর বাবার আদর পাবে না।
গত ৬ এপ্রিল ওমানে সড়ক দুর্ঘটনায় রাকিবুল হাসান নিহত হন। গত মঙ্গলবার রাতে তাঁর লাশ উড়োজাহাজে বাংলাদেশে পৌঁছায়। এরপর গতকাল বুধবার আসরের নামাজের পর জানাজা শেষে গ্রামের বাড়িতে রাকিবুলের লাশ দাফন করা হয়।
রাকিবুল ইসলাম সদর উপজেলার চালনা নামাজপুর গ্রামের আবদুল মালেক শেখের ছেলে। রাকিবুল মৃত্যুর সময় স্ত্রী কলি আক্তার, চার বছরের মেয়ে হুমায়ারা, ছয় মাসের যমজ মেয়ে আরিশা ও আইরাকে রেখে গেছেন।
রাকিবুলের পারিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে থাকতে রাকিবুল টেলিভিশন মেরামতের কাজ করতেন। সংসারের সচ্ছলতা আনতে এক বছর আগে নিজের জমানো টাকা ও ধারদেনা করে তিনি ওমানে যান। সেখানে গিয়ে কয়েক মাস কর্মহীন ছিলেন। কিছুদিন পর একটি স্থাপনা প্রতিষ্ঠানের কাজ পান। বিদেশে যাওয়ার পর ধীরে ধীরে দেনা শোধ দিতে শুরু করেছিলেন। ৬ এপ্রিল ইফতার করে রাকিবুল তাঁর কর্মস্থলে একটি তাঁবুতে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁবুর মধ্যে ঢুকে পড়ে। এতে রাকিবুল ও কুমিল্লার মেঘনা উপজেলার মো. জুয়েল মারা যান। আহত হন আরও এক বাংলাদেশি শ্রমিক। গত মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে রাকিবুল ও জুয়েলের লাশ বাংলাদেশে পৌঁছায়।
গতকাল সন্ধ্যায় রাকিবুলের বাড়িতে গিয়ে দেখা গেছে, রাকিবুলের বাবা আবদুল মালেক শেখ শোকে পাথর হয়ে গেছেন। প্রতিবেশী ও স্বজনেরা এসেছেন শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে।
রাকিবুলের বড়ভাই আসলাম শেখ বলেন, ‘আমরা তিন ভাই। প্রত্যেকের আলাদা সংসার। মা–বাবাও ছোট ভাই রাকিবুলের সঙ্গে থাকেন। দুই বছর আগে রাকিবুল বাড়িতে পাকা ঘর নির্মাণ শুরু করে। বাড়ির কাজ শেষ না করেই রাকিবুল ওমান চলে যায়। রাকিবুল যখন ওমান যায়, তখন তার স্ত্রী কলি আক্তার অন্তঃসত্ত্বা ছিল। এর ছয় মাস পর কলি আক্তারের যমজ কন্যাসন্তান জন্ম হয়। যমজ শিশু দুটি বাবার কোনো আদর পেল না। বাবাকে আর কোনো দেখতে পাবে না। বাবার ছবি শুধু স্মৃতি হিসেবে পাবে।’
রাকিবুলের বাবা আবদুল মালেক শেখ বলেন, ‘রাকিবুলের মৃত্যুর পর ওর তিনটি শিশু মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছি। আমাদের তেমন কোনো জমিজমা বা সম্পদ নেই। আমি বৃদ্ধ মানুষ। ছেলের মৃত্যুর কষ্ট আর নাতিদের নিয়ে চিন্তায় খুব খারাপ সময় যাচ্ছে।’
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক বলেন, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া রাকিবুলের আয়েই তাঁর সংসার চলত। রাকিবুলের বাবা আবদুল মালেক শেখ বৃদ্ধ মানুষ। তিনি বয়সের কারণে এখন আর কিছু করেন না। রাকিবুলের মৃত্যুতে পরিবারটির অপূরণীয় ক্ষতি হয়ে গেল।