অস্ত্র নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে মহড়া দেওয়া সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বুধবার বেলা তিনটায় সশরীর তাঁকে ইসিতে উপস্থিত হয়ে ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বিকেল পৌনে পাঁচটার দিকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটির নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কর্মরত বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আফতাব হোসেন খানের বিরুদ্ধে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সায়ীদ মো. আবদুল্লাহ রিটার্নিং কর্মকর্তার কাছে গত শুক্রবার বিকেলে লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়, সায়ীদের বাসভবনের সামনে গত মঙ্গলবার সকালে আফতাব হোসেন খান ও তাঁর অনুসারীরা অস্ত্রসহ মহড়া দিয়ে ভয়ভীতি দেখিয়েছেন। অস্ত্রসহ মহড়ার ঘটনার একটা ভিডিও তিনি লিখিত আবেদনের সঙ্গে জমা দেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা গেছে, সায়ীদের অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। তাই সিটি করপোরেশনের নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল অথবা তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য তাঁকে লিখিতভাবে নির্দেশনা দিয়েছে ইসি।
গত শুক্রবার রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দায়েরের পর সায়ীদ মো. আবদুল্লাহর অভিযোগটি সিলেটের মহানগর পুলিশ কমিশনারের কাছে পাঠান রিটার্নিং কর্মকর্তা। ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার জন্য তখন এক চিঠিতে রিটার্নিং কর্মকর্তা পুলিশ কমিশনারকে অনুরোধ করেছেন।
এর পরিপ্রেক্ষিতে সায়ীদের অভিযোগটি আমলে নিয়ে মহানগরের বিমানবন্দর থানায় আফতাব হোসেন খানকে প্রধান আসামি করে মামলা করা হয়। এ মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। পুলিশ গত শনিবার ভোরে আফতাবের তিন কর্মীকে গ্রেপ্তার করে। তবে মামলার প্রধান আসামি আফতাব ও তাঁর অনুসারী অস্ত্রধারী আবুল কালাম আজাদ ওরফে তুহিন এখনো ধরাছোয়াঁর বাইরে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আফতাব (ঘুড়ি) ও সায়ীদ (লাটিম) ছাড়াও জাহিদ খান ওরফে সায়েক (ঠেলাগাড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২১ জুন এ সিটিতে ভোট হবে।