আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রায় আনন্দে ভাসল হিলি, পোলাও–গোশতের আয়োজন
আর মাত্র এক দিন পরই বিশ্বকাপ ফুটবলের শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ফ্রান্স ও আর্জেন্টিনা। ফাইনালের আগে আর্জেন্টিনা দলকে শুভকামনা জানিয়ে সারা দেশের বিভিন্ন জায়গায় আনন্দ শোভাযাত্রা করেছেন ভক্তরা।
ফাইনালে আর্জেন্টিনা দল ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে, এমন প্রত্যাশায় ১০০ মিটার দৈর্ঘ্যের আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা নিয়ে হিলি শহরের রাস্তায় রাস্তায় শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনার সমর্থকেরা। ভক্তদের খাওয়ানোর জন্য চলছে গোশত-পোলাও রান্নার বিশাল আয়োজন।
বিকেল চারটায় হিলি শহরের গোডাউন মোড় থেকে ‘হিলি আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী’র আয়োজনে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পুরো শহর প্রদক্ষিণ করে আবার গোডাউন মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় আর্জেন্টিনা দলের দুই শতাধিক সমর্থক অংশ নেন। শোভাযাত্রা চলাকালে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাও হাত নেড়ে আর্জেন্টিনা দলের সমর্থকদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের আনন্দকে ভাগাভাগি করে নেন। এ ছাড়া বড় পর্দায় আর্জেন্টিনার খেলা দেখার দাওয়াত দিয়ে শহরে চলছে মাইকিং।
হিলি আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর অন্যতম কয়েকজন হলেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুর-এ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সোহরাব হোসেন প্রতাব মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ বলেন, ‘আমি আর্জেন্টিনা ফুটবল দলের অন্ধ ভক্ত। আর্জেন্টিনার ভালো পারফরম্যান্স দেখে আমি নিশ্চিত, এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবেই।’ তিনি বলেন, বিশ্বকাপের এবারের আসরে আর্জেন্টিনার দলের প্রতিটি খেলার দিন হিলি শহরের গোডাউন মোড়ে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। শুধু তা–ই নয়, খেলা শুরুর আগে আগত সব দর্শককে উজ্জীবিত করতে খিচুড়ি খাওয়ানো হয়েছে। ফাইনাল খেলার দিনও খেলা শুরু হওয়ার আগে কয়েক হাজার দর্শককে গোশত-পোলাও খাওয়ানোর প্রস্তুতি চলছে।
হারুন উর রশিদ আরও বলেন, আর্জেন্টিনা দলের জাদুকর লিওনেল মেসির খেলা যাতে সবাই আনন্দের সঙ্গে উপভোগ করতে পারেন, সে জন্য শনিবার বিকেলে শহরে মাইকিং করে দাওয়াত দেওয়া হয়েছে। কাল সারা দিন শহরে মাইকিং করা হবে। বিকেল চারটায় আর্জেন্টিনা সমর্থক ও ভক্তদের নিয়ে হিলি শহরে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।