গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর নিহত
রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দিয়াড় মানিকচক সীমান্তে এ ঘটনা ঘটে। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিশ্চিত করেছে।
বিজিবি-বিএসএফ বৈঠক শেষে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে বিএসএফ প্রতিশ্রুতি দিয়েছে। নিহত কিশোরের নাম সমিরুল হক (১৫)। সে গোদাগাড়ীর আষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর গ্রামের হাসিবুল হকের ছেলে। বেলা সাড়ে তিনটার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানার পুলিশ লাশ বুঝে নিয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, গুলিটি সমিরুলের ডান বগল দিয়ে ঢুকে বাঁ বগল ছেদ করে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল হক ঘটনাস্থল থেকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, সীমান্তে বাংলাদেশ ও ভারতের কৃষকদের ফসলের খেত রয়েছে। আজ দুপুর ১২টার দিকে সমিরুলসহ কয়েকজন মিলে দিয়াড় মানিকচক সীমান্তের ৫ নম্বর সীমান্ত পিলার এলাকার শূন্যরেখা থেকে ১৫০ গজ বাংলাদেশের ভেতরে ঘাস কাটছিল। এ সময় ভারতের চর আষাড়িয়াদহ বিএসএফের একটি টহল দল সমিরুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি সমিরুলের এক বগল দিয়ে ঢুকে বুকের ভেতর দিয়ে আরেক বগল হয়ে বেরিয়ে যায়। ফলে ঘটনাস্থলে সে মারা যায়। তবে বাকি ব্যক্তিরা পালিয়ে এসেছেন। চেয়ারম্যান বলেন, সমিরুলের ঘাসের বস্তা এখনো বাংলাদেশের সীমানার মধ্যে পড়ে রয়েছে। সে সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে যায়নি।
বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি ঘটনার পর থেকে সেখানে রয়েছেন। বিএসএফের সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে। বিএসএফ অভিযোগ করেছে, ছেলেটি অবৈধভাবে ভারতীয় সীমান্তের প্রায় ৮০ গজ ভেতরে ঢুকে পড়েছিল। তারপরও এ ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে এবং যে বিএসএফ সদস্য এ ঘটনা ঘটিয়েছেন, তাঁর বিরুদ্ধে তাঁরা আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানান, লাশের ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করবে। এর প্রক্রিয়া চলছে।