ফরিদপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে একজনের মৃত্যু
ফরিদপুরে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ইউসুবপুর গ্রামে আজ বুধবার ভোররাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছেন স্থানীয় লোকজন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ইউসুবপুর গ্রামের জনৈক হারান শেখের বাড়ির উত্তর পাশে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে ওই গ্রামের মো. শাকিল শেখ (২২) ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া গুরুতর আহত হন ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামের মজনু শেখ (২৫)। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুতের খুঁটি থেকে ঝুলে থাকা অবস্থায় শাকিলের লাশ উদ্ধার করে।
গুরুতর আহত মজনুকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এলাকাবাসী এই চক্রের সদস্য সন্দেহে হোগলাডাঙ্গী গ্রামের গ্রামের বাসিন্দা এক কিশোরীকে (১৬) আটক করেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সুভাষ চন্দ্র বাড়ই বলেন, আজ সকাল ছয়টার দিকে মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং আহত ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শ্রীবাস বাড়ই জানান, শাকিল শেখের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আটক ওই কিশোরকে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।