ফরিদপুরের ফারুকের তৈরি স্ট্যাম্প দিয়ে ক্রিকেট খেলেন দেশের অনেক তরুণ-কিশোর
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের ছোট্ট একটি কারখানা। মালিক থেকে শ্রমিক—কারখানার ভেতরে সবাই কাজে মগ্ন। যেন দম ফেলার ফুরসত নেই। কেউ মেশিনের সাহায্যে নির্দিষ্ট আকৃতিতে কাঠ কাটছেন। কেউ আবার ঘষামাজা করে কাঠগুলো মসৃণ করছেন। মূলত সেখানে চলছে ক্রিকেট খেলার সরঞ্জাম স্ট্যাম্প আর বেল তৈরির কাজ।
৩৬ ফুট দৈর্ঘ্য আর ১২ ফুট প্রস্থের এই কারখানার মালিক ওমর ফারুক (৩৯)। তিনি সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রামের বাসিন্দা আবদুর রহিমের ছেলে। সম্প্রতি ফারুকের কারখানা গিয়ে দেখা যায়, ফারুকের অধীন সাতজন কর্মচারী কাজ করেন। এই কারখানায় মূলত ক্রিকেট খেলার স্ট্যাম্প ও বেল তৈরি করা হয়। তারপর স্ট্যাম্প-বেলগুলো ছড়িয়ে পড়ছে ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায়। ছোট এই কারখানার আয় দিয়ে ফারুক স্বাবলম্বী হয়েছেন।
সংসারে অভাবের কারণে ওমর ফারুক পড়াশোনা করতে পারেননি। মাত্র ১১ বছর বয়সে কাজের সন্ধানে ওমর ফারুক ঢাকায় গিয়েছিলেন। প্রথমে বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবে কাজ করেছেন। পরে ঢাকা ছেড়ে কুমিল্লায় মো. আলী নামের এক ব্যক্তির স্ট্যাম্প বানানোর কারখানায় যোগ দেন। সেখানেই স্ট্যাম্প বানানোর কাজ শেখেন ফারুক। দীর্ঘদিন ফারুক কোনো বেতন ছাড়াই কাজ করেছেন। কাজের বিনিময়ে তিনি পেতেন তিনবেলা খাবার ও ঘুমানোর জায়গা।
ওমর ফারুক বলেন, ‘কাজটা ভালো লাগত। তাই টাকা না পেলেও আমি কাজ ছাড়িনি। চার বছর কাজ করার পর কারখানার মালিক আমাকে মাসে এক হাজার টাকা দিতে শুরু করেছিলেন। ১২ বছর সেখানে কাজ করছি। এরপর আমি নিজেই কিছু করার জন্য চাকরি ছেড়ে বাড়িতে চলে আসি। তারপর নিজেই কারখানা খুললাম।’
২০০৬ সালে বাড়ি ফিরে ফারুক ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাজারের একটি দোকানঘর ভাড়া নিয়ে কাজ শুরু করেন। সব মিলিয়ে তখন তাঁর হাতে ছিল মাত্র ৮ হাজার টাকা। ধীরে ধীরে স্ট্যাম্পের চাহিদা বাড়তে থাকে। বছর দুয়েকের মধ্যে দুজন সহকারী নিয়োগ করেন ফারুক। এখন ফারুকের কারখানার কলেবর বেড়েছে। সব মিলিয়ে সাতজন শ্রমিক সেখানে কাজ করেন।
কানাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা মো. শামীম (২৮) ওই কারখানায় কাজ করেন।
শামীম বলেন, ‘আমি দুই বছর ধরে এই কারখানায় কাজ করছি। ৬ হাজার টাকায় কাজ শুরু করেছিলাম। এখন আমার বেতন বেড়ে ১৫ হাজার টাকা হয়েছে।’
প্রায় তিন মাস আগে ওমর ফারুকের কারখানায় যোগ দিয়েছেন মো. জুয়েল হোসেন (২৫)। তিনি বলেন, তিনি আগে রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করতেন। তখন অনেক কষ্ট করে কাজ করতে হয়েছে। তবে এখন নির্দিষ্ট জায়গায় কাজ করতে হচ্ছে। বৃষ্টিতে ভেজা বা রোদে পোড়ার কোনো সমস্যা নেই। মাস শেষে ১০ হাজার টাকা বেতন পাচ্ছেন।
ফরিদপুরসহ দেশের বিভিন্ন বাজারে ফারুকের স্ট্যাম্পের ব্যাপক চাহিদা আছে। বগুড়া শহরের ছহিরুদ্দিন মার্কেটের করতোয়া স্পোর্টসের মালিক মো. মোজাম্মেল স্ট্যাম্পের নিয়মিত পাইকারি ক্রেতা। তিনি মুঠোফোনে বলেন, ‘আমি ওমর ফারুকের কাছ থেকে নিয়মিত স্ট্যাম্প কিনি। কারণ, এই স্ট্যাম্পের মান অন্যদের তুলনায় ভালো। স্ট্যাম্পগুলো টেপটেনিস বল দিয়ে খেলার উপযোগী। এই স্ট্যাম্পের প্রতি ক্রেতাদের আগ্রহও বেশি।’
ফরিদপুর শহরের খেলাঘর নামের দোকানের মালিক মো. দুলাল বলেন, পরিবহন খরচ কম হওয়ায় ফারুকের স্ট্যাম্প বিক্রি করে বেশি লাভ হয়। ঢাকা থেকে স্ট্যাম্প কিনতে গেলে পরিবহন খরচ অনেক পড়ে যায়। ঢাকায় স্ট্যাম্পের দামও বেশি। তাই এখন স্থানীয় বাজারে ফারুকের স্ট্যাম্পের চাহিদা বেশ ভালো।
এই কারখানা থেকে প্রতি মাসে ১৫ থেকে ১৭ হাজার পিস স্ট্যাম্প তৈরি হয় বলে জানালেন ফারুক। তাঁর স্ট্যাম্পগুলো ফরিদপুরের বাইরে ঢাকা, রাজশাহী, বগুড়া, কুষ্টিয়ার বাজারে বিক্রি হয়। কারখানার সব ধরনের খরচ মেটানোর পর তাঁর প্রতি মাসে গড়ে ৩০ হাজার টাকা আয় হয়।
তবে ফারুক তাঁর কারখানাটি আরও বড় করতে চান। তবে পুঁজির অভাবে সেটা করতে পারছেন না। ফারুক বলেন, ‘কারখানাটি বড় করতে চাই, যেন এখানে কমপক্ষে ৫০ জন লোক কাজ করে। কিন্তু পর্যাপ্ত পুঁজি নেই। কেউ আমাকে ২ লাখ টাকার বেশি ঋণ দিতে চায় না। একসঙ্গে মোটা অঙ্কের ঋণ পেলে কারখানাটি আরও বড় করতে পারতাম।’
ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বলেন, ওমর ফারুক একজন গুণী শিল্পী। তাঁর হাত নিয়ে সুন্দর মানের ক্রিকেট স্ট্যাম্প তৈরি হচ্ছে। এটা কুটির শিল্প পর্যায়ের একটি কাজ। এই কাজের মাধ্যমে ফারুক আর্থিকভাবে লাভবান হচ্ছেন, পাশাপাশি আরও কয়েকজন মানুষের কর্মসংস্থান হচ্ছে। সরকারি ও বেসরকারি পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের ফারুকের মতো উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেন তিনি।