পিরোজপুরে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি (একজনের বদলে অন্যজন) দেওয়ার অভিযোগে পিরোজপুরে মো. জুবায়ের হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে পরীক্ষার সময় পিরোজপুর পিটিআই কেন্দ্র থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুবায়ের হোসেন নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরহাট মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর পিটিআই পরীক্ষাকেন্দ্রে ৪৫০ জনের মধ্যে ১৩৩ জন নিয়োগ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম জাহান প্রক্সি পরীক্ষার্থী হিসেবে জুবায়ের হোসেনকে শনাক্ত করেন। এরপর কেন্দ্রসচিব পিটিআই সুপারিনটেনডেন্ট মোল্যা ফরিদ আহমেদ তাঁকে বহিষ্কার করেন।

এ ঘটনায় দুপুরে মোল্যা ফরিদ আহমেদ বাদী হয়ে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে জুবায়ের হোসেনের নামে পিরোজপুর থানায় মামলা করেন। ইউএনও মরিয়ম জাহান বলেন, ‘একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমি ওই প্রক্সি পরীক্ষার্থীকে আটক করে পুলিশে হস্তান্তর করেছি।’

পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।