হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

নাটোরে কোটি টাকার হেরোইন পাচারের মামলায় বাহারুল ইসলাম (৩৪) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার বিকেলে নাটোরের অতিরিক্ত দায়রা জজ মোছা. কামরুন্নাহার বেগম এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি বাহারুল কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বিভাগ গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ১ কেজি ৪০ গ্রাম হেরোইন পাচারের মামলায় আসামি বাহারুল ইসলামকে আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছে। একই মামলার অপর আসামি শিটুল মল্লিক (৩২) দোষী সাব্যস্ত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর দণ্ডপ্রাপ্ত আসামি বাহারুলকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।

আদালতের সরকারি কৌঁসুলি মাসুদ হাসান দণ্ডাদেশের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, সাক্ষ্য প্রমাণে আসামি বাহারুলের কাছ থেকে হেরোইন উদ্ধারের বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সার্বিক বিষয় আমলে নিয়ে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ১০ অক্টোবর বেলা সাড়ে ১১টায় র‍্যাবের একটি টহল দল লালপুর উপজেলার লালপুর-বাঘা সড়কের পুড়াসেঁতুর পাশ থেকে দুই আসামিকে ১ কেজি ৪০ গ্রাম হেরোইনসহ আটক করে। ওই হেরোইনের মূল্য এক কোটি চার লাখ টাকা।

এ ঘটনায় র‍্যাব-৫–এর উপপরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে ওই দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ওই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্য গ্রহণ শেষে আজ বেলা তিনটায় রায় ঘোষণা করা হলো।