আহত পাখিকে এনে সেবা-শুশ্রূষা করে আকাশে উড়িয়ে দিলেন তিনি
ঝড়বৃষ্টি থামার পর রাতে ঘর থেকে বেরিয়ে গ্রামের মসজিদে যাচ্ছিলেন শিক্ষক জাহেদুল ইসলাম সমাজদার। বাড়ি থেকে কিছুটা দূর যাওয়ার পর দেখেন, রাস্তার পাশে গাছে একটি অতিথি পাখি পড়ে আছে। পাখিটি চেষ্টা করেও উড়তে পারছিল না। তখন পাখিটি বাড়িতে নিয়ে আসেন তিনি। এরপর সেবা-শুশ্রূষা করে রেখে দেন ঘরে। সুস্থ হয়ে ওঠে পাখিটি। এরপর সকাল হলে পাখিটিকে আকাশে উড়িয়ে দেন জাহেদুল।
ঘটনাটি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দক্ষিণ কানুপুর বেগুনবাড়ি গ্রামের। জাহেদুল ইসলাম আক্কেলপুর সরকারি এফইউ পাইলট উচ্চবিদ্যালয়ের জীববিজ্ঞানের শিক্ষক। পাখিটিকে সুস্থ করে মুক্ত করে দেওয়ার পর তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। তাঁর এমন মানবিক কাজের প্রশংসা করেছেন অনেকেই।
জাহেদুল ইসলাম সমাজদার প্রথম আলোকে বলেন, ‘গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রচুর ঝড়বৃষ্টি হয়। বৃষ্টি থামার পর রাত আটটার দিকে বাড়ি থেকে বের হয়ে নামাজ আদায় করতে গ্রামের মসজিদে যাচ্ছিলাম। তখন পাখিটিকে পড়ে থাকতে দেখি। এরপর সেটিকে বাড়িতে এনে সেবা–শুশ্রূষা করে ঘরের ভেতর রাখি। সারা রাতে পাখি সুস্থ হয়ে ওঠে।’ তিনি আরও বলেন, ‘আজ সকালে এ ঘটনা জানাজানির পর অনেকে পাখিটি দেখতে আসেন। তাঁদের অনেকেই আমাকে পাখিটি জবাই করে খেতে বলেছেন। আমি তাঁদের কথা শুনিনি। পাখিটির সামান্য সেবা–শুশ্রূষা করে তার ওপর আমার মায়া জন্মেছিল। পাখিটিকে আকাশে উড়িয়ে দিয়েছি। এতে আমার খুব ভালো লেগেছে। আমার পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবও খুশি হয়েছে।’
আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল ইসলাম বলেন, ‘শিক্ষক জাহেদুল ইসলাম রাতের বেলায় রাস্তায় একটি আহত পাখিকে কুড়িয়ে পেয়ে বাড়িতে নিয়ে সেবা–শুশ্রূষার মাধ্যমে সুস্থ করে ছেড়ে দিয়েছেন। এটি একটি ভালো কাজ। তাঁর এমন ভালো কাজে সমাজের অনেকেই অনুপ্রাণিত হবেন বলে আশা করছি।’