সোনাগাজীতে ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে পালালেন বর, বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ
প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজী উপজেলায় ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে বিয়ের আসর থেকে পালিয়েছেন বর ও বরযাত্রীরা। এতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ১৫ বছর বয়সী এক কিশোরী। পরে মুচলেকা দিয়ে পার পেয়েছেন কিশোরীর মা–বাবা। গতকাল রোববার বিকেলে উপজেলার চর দরবেশ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ওই কিশোরীর সঙ্গে পাশের এলাকার প্রবাসী যুবক মো. মঞ্জুর হোসেনের সঙ্গে বিয়ের আয়োজন চলছিল। এর আগে গত শনিবার রাতে বর-কনের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠানও হয়েছে। গতকাল দুপুরে বিয়ে বাড়িতে অতিথিদের খাওয়াদাওয়া শেষ। কনেও নববধূ সাজে প্রস্তুত। শুধু বিয়ের আনুষ্ঠানিকতা বাকি। এরই মধ্যে খবর পেয়ে পুলিশ সদস্য ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অনীক চৌধুরী। বিয়ে বাড়ির সামনে ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে বর ও বরযাত্রীরা দৌড়ে পালিয়ে যান।

এস এম অনীক চৌধুরী বলেন, বর-কনে উভয়ের মা–বাবাকে ডেকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ছেলেমেয়ের বিয়ে দেওয়া যাবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন চর দরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।