বাগমারায় ট্রাকের ধাক্কায় ৬ শিক্ষার্থী আহত, স্নাতক পরীক্ষা দিতে পারলেন না

রাজশাহীর বাগমারায় ট্রাকের ধাক্কায় দুমড়ে–মুচড়ে গেছে ব্যাটারিচালিক রিকশা। আজ রোববার দুপুরে উপজেলার হাট গাঙ্গোপাড়া-ভবানীগঞ্জ সড়কের বসন্তপুর মোড়েছবি : প্রথম আলো

রাজশাহীর বাগমারায় স্নাতক (পাস) তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ রোববার দুপুরে হাট গাঙ্গোপাড়া-ভবানীগঞ্জ সড়কের বসন্তপুর মোড়ে শিক্ষার্থীদের বহনকারী ব্যাটারিচালিত রিকশাকে একটি ট্রাক ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা আজ পরীক্ষা দিতে পারেননি। তাঁরা হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তাঁদের পরীক্ষার কেন্দ্র ছিল ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ। আজ বেলা দুইটায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রিকশা করে হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের ছয় শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে যাচ্ছিলেন। বেলা দেড়টার দিকে তাঁদের বহনকারী রিকশাটি হাট গাঙ্গোপাড়া-ভবানীগঞ্জ সড়কের বসন্তপুর মোড়ে পৌঁছালে সামনের দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে রিকশার চালক গোলাম হোসেন এবং ছয় পরীক্ষার্থী আম্বিয়া খাতুন, ইসমত আরা, ইসরাত জাহান, নাসরিন আক্তার, জান্নাতুন খাতুন ও ইকবাল হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আহত পরীক্ষার্থীর এক অভিভাবক অভিযোগ করেন, এ ঘটনায় দায় হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ এড়াতে পারে না। তিন কিলোমিটার দূরে মচমইল কলেজে পরীক্ষাকেন্দ্র ছিল। কিন্তু তারা ১৫ কিলোমিটার দূরে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে পরীক্ষার ব্যবস্থা করেছে। আগে মচমইল ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা হতো।

এই বিষয়ে গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুর রহমান বলেন, উচ্চমাধ্যমিকের জন্য মচমইলে পরীক্ষার আয়োজন করা হয়। তবে ডিগ্রি পরীক্ষায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের কেন্দ্রে অংশ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

অধ্যক্ষ মাহবুর রহমান আরও বলেন, আহত শিক্ষার্থীরা যাতে পরীক্ষায় অংশ নিতে পারেন, সেজন্য কলেজের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করা হবে। আজ বিকেলে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সড়ক দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য চেয়েছেন। মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে, পরে লিখিতভাবে জানানো হবে।