ফরিদা জানেন না কারা তাঁর মা–বাবা, একটি চাকরির আরজি
২৬ বছর বয়সী ফরিদা জানেন না, কারা তাঁর মা–বাবা। তাঁরা জীবিত আছেন, নাকি মারা গেছেন। তাঁদের বাড়িঘর কোথায়, তা কিছুই জানা নেই তাঁর। ২৬ বছর আগে রাজশাহীতে পথের ধারে তাঁকে কুড়িয়ে পেয়েছিলেন স্থানীয় কয়েকজন। এরপর তাঁর ঠাই হয় রাজশাহীর ছোটমণি নিবাসে। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এই শিশুনিবাসে তাঁর শৈশব কাটে। সেখানকার কর্মকর্তারা তাঁর নাম রাখেন ফরিদা পারভিন। কাগজপত্রে জন্মতারিখ দেওয়া হয় ১৯৯৭ সালের ১০ নভেম্বর।
২০০১ সালের ৭ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সরকারি শিশুসদনে পাঠানো হয় ফরিদাকে। লেখাপড়ার জন্য ভর্তি করা হয় স্বরূপনগর তাজকেরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পঞ্চম শ্রেণি উত্তীর্ণের পর তাঁকে স্বরূপনগর শহীদ মেহের আলী হাইস্কুলে ভর্তি করা হয়। কিন্তু এর মধ্যে ২০১৭ সালের ২২ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সরকারি শিশুসদন থেকে ফরিদাকে পটুয়াখালীতে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এতিম, প্রতিবন্ধী ও দুস্থ মেয়েদের কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে পাঠানো হয়।
পটুয়াখালীতে আসার পর ফরিদার লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়ে। একপর্যায়ে প্রশিক্ষণকেন্দ্রের উপপরিচালকের কাছে লেখাপড়ার আগ্রহের কথা জানান ফরিদা। তখন প্রশিক্ষণকেন্দ্রের উদ্যোগে ২০১৯ সালে এসএসসি পরীক্ষা দিতে আবার চাঁপাইনবাবগঞ্জে পাঠানো হয় ফরিদাকে। সেখানে পরীক্ষা দিয়ে ফরিদা আবার পটুয়াখালীতে চলে আসেন। জিপিএ–৩.২৮ পেয়ে মাধ্যমিকের গণ্ডি পেরোনো ফরিদা পটুয়াখালীতে ফিরে উচ্চমাধ্যমিকে ভর্তি হন। ২০২১ সালে জিপিএ–৪.৫৮ পেয়ে উত্তীর্ণ হন। এখন পটুয়াখালী সরকারি কলেজে বাণিজ্য বিভাগে পড়ছেন।
পড়াশোনার পাশাপাশি পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে থেকে চারটি বিষয়ে প্রশিক্ষণ নিতে থাকেন ফরিদা। ইতিমধ্যে কম্পিউটার পরিচালনা, পোশাক তৈরি, পশুপালন, কাঠের কাজ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। প্রশিক্ষণে আগ্রহের কারণে তাঁকে সরকারি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র ভর্তি করে দেওয়া হয়। সেখান থেকেও কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন ফরিদা।
একটি সরকারি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছেন ফরিদা। ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেছিলেন তিনি। কিন্তু চাকরির মৌখিক পরীক্ষায় ডাক পাননি। এরপর ফরিদা মানসিকভাবে ভেঙে পড়েন।
ফরিদা প্রথম আলোকে বলেন, তাঁর নিজের কোনো পরিচয় নেই। কারা তাঁর মা–বাবা, তা-ও জানেন না তিনি। অসহায় অবস্থায় বড় হচ্ছেন। এখন তাঁর বয়স ২৬। আশ্রয় না থাকায় প্রশিক্ষণকেন্দ্রেই পড়ে আছেন। কত দিন থাকতে পারবেন, তা-ও জানেন না। একটা চাকরি পেলে নিজের পায়ে দাঁড়াতে পারতেন। নিজের একটা ভবিষ্যৎ হতো।
পটুয়াখালী এতিম, প্রতিবন্ধী ও দুস্থ মেয়েদের কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের উপপরিচালক কাজী মুহাম্মদ ইব্রাহিম প্রথম আলোকে বলেন, ফরিদা পটুয়াখালীতে আসার পর তাঁরা লক্ষ করেছেন, তাঁর লেখাপড়ার প্রতি প্রচণ্ড আগ্রহ। এ জন্য তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। প্রশিক্ষণকেন্দ্রে একটি মেয়ে ছয় মাস থেকে দেড় বছর পর্যন্ত থাকতে পারে। কিন্তু ফরিদা ছয় বছর ধরে থাকছেন। তাঁর কোথাও যাওয়ার জায়গা নেই। চাকরির জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না। চাকরি পেলে মেয়েটার বিয়ে দেওয়া সহজ হতো। একটা আশ্রয় খুঁজে পেতেন।
ফরিদা পারভিন বলেন, ‘আমার অভিভাবক রাষ্ট্র। ছোটবেলায় রাষ্ট্র আমার দায়িত্ব নিয়েছে। আমাকে গড়ে তুলেছে। এখনো আমার দায়িত্ব পালন করছে। তাই আমার অভিভাবকের কাছে আবেদন, যাতে আমার জীবিকারও একটা ব্যবস্থা করে দেয়।’