নওগাঁয় আমবাগান থেকে ককটেল–সদৃশ ১৮টি বস্তু উদ্ধার
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ডিবি উচ্চবিদ্যালয়সংলগ্ন একটি আমবাগান থেকে ককটেল–সদৃশ ১৮টি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ককটেলগুলো থানায় রাখা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করা হবে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া ডিবি উচ্চবিদ্যালয়সংলগ্ন আমবাগানে একটি ব্যাগের মধ্যে ককটেলগুলো রাখা ছিল। আজ ভোরে স্থানীয় এক ব্যক্তি বাগানের মধ্য দিয়ে যাওয়ার পথে ব্যাগ পড়ে থাকতে দেখে এগিয়ে যান। ব্যাগ খুলে সেখানে লাল স্কচটেপ মোড়ানো বস্তু দেখতে পান।
পরে বিষয়টি জানাজানি হলে উৎসুক লোকজন সেখানে ভিড় করেন। স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে জানতে পেরে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মোখলেছুর রহমান বিষয়টি মান্দা থানা–পুলিশকে জানান। খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এস এম মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সকালে স্থানীয় এক ব্যক্তি মুঠোফোনে বিষয়টি আমাকে জানান। তৎক্ষণাৎ বিষয়টি পুলিশকে জানালে তাঁরা ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করেন।’
ককটেলগুলো দ্রুত নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই আলম সিদ্দিকী।
তিনি বলেন, লাল স্কচটেপ মোড়ানো ককটেল–সদৃশ ১৮টি বস্তু উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো তাজা ককটেল। কী কারণে এবং কারা এগুলো ওই আমবাগানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।