শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে বালুবাহী ট্রাক চলাচল বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে দুর্ঘটনারোধে বালুবাহী ট্রাক চলাচল বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ শনিবার দুপুরে ওই সড়কের একিয়ারকান্দা রেলক্রসিং এলাকায় এলাকাবাসী এসব কর্মসূচির আয়োজন করে
ছবি: প্রথম আলো

নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলার ফাজিলপুর এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরিদ উজ্জামান রিফাত (২১) নিহতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

আজ শনিবার দুপুরে ওই সড়কের একিয়ারকান্দা রেলক্রসিং এলাকায় এলাকাবাসী এসব কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা ওই সড়কে বালুবাহী ট্রাকের চলাচল বন্ধ করারও দাবি জানান।

মানববন্ধনে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক অর্ণব সরকার, পূর্বধলা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী, স্থানীয় বাসিন্দা কাজিম উদ্দিন, নাজিম উদ্দিন, মো. ফারুক হোসেন, কৃষক আলেক মিয়া, ব্যবসায়ী আবদুর রহমান, শিক্ষার্থী রনি খান, শফিকুল ইসলাম, জুয়েল মিয়া প্রমুখ।

সড়ক দুর্ঘটনায় নিহত ফরিদ উজ্জামান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পূর্বধলার আগিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সাত্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ফরিদ উজ্জামান তাঁর বাবাকে ময়মনসিংহে চিকিৎসক দেখিয়ে একটি অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তাঁরা শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা ফাজিলপুর বাজার এলাকায় পৌঁছেন। এ সময় দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে বালু নিয়ে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে চালকসহ পাঁচজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ময়মনিসংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফরিদ উজ্জামানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদের আজ দুপুরে স্থানীয় লোকজন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

মানববন্ধনে পূর্বধলা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী বলেন, ‘ফরিদ উজ্জামান মেধাবী ও সৃজনশীল ছাত্র ছিলেন। তিনি আমাদের কলেজ থেকে ২০২০ সালে বিজ্ঞান শাখায় জিপিএ–৫ পেয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদে লেখাপড়া করছিলেন। বালুবাহী ট্রাকচাপায় সে প্রাণ হারালো। এভাবে ওই সড়কে প্রতি মাসে ট্রাকচাপায় প্রায় ৫–৬ জনের প্রাণ ঝরছে। আমরা প্রশাসনের কাছে সড়কে বেপরোয়া গতিতে ট্রাক চলাচল বন্ধসহ দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক অর্ণব সরকার বলেন, ‘বালুখেকোরা দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে হাজার হাজার ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। এসব বালু প্রতিদিন শ্যামগঞ্জ বিরিশিরি সড়ক দিয়ে কয়েক হাজার ট্রাকে বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছে। ট্রাকের বেশির ভাগ চালকই অদক্ষ এবং তাঁদের বৈধ লাইসেন্স নেই। এতে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। ১ জুন থেকে বৃহস্পতিবার পর্যন্ত বালুবাহী ট্রাকচাপায় ওই সড়কে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে ৮ জুন দুর্গাপুরের ফারংপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে ও টাঙ্গাইল করটিয়ার সরকারি সা’দত কলেজের স্নাতকের শিক্ষার্থী শাহ আলম (২৪) এবং বৃহস্পতিবার কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরিদ উজ্জামান নিহত হন। বেপরোয়া গতির বালুবাহী ট্রাক চলাচল বন্ধের দাবিতে আমরা বিভিন্ন সময় বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হলেও সড়কে মৃত্যুর মিছিল থামছে না।’

আজ বিক্ষোভ সমাবেশ চলাকালে নিহত ফরিদ উজ্জামানের বাবা আবদুস সাত্তার বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে ফরিদ বড়। সে খুবই মেধাবী ছিল। কোনো দিন লেখাপড়ার জন্য তাগাদা দিতে হয়নি। খুবই কষ্ট করে তাঁকে এ পর্যন্ত নিয়ে এসেছিলাম। ট্রাকচাপায় আমার সব শেষ হয়ে গেছে। আমিও ওই অটোরিকশায় ছিলাম। কিন্তু আল্লাহ ছেলেডারে নিয়া গেল। বাবা হইয়া ছেলের মৃত্যু দেখতে হইছে, এর চেয়ে পৃথিবীতে কষ্ট আর কী আছে! আমি চাই ট্রাকচাপায় আর কারও বাবা–মার বুক খালি যেন না হয়।’

এ ব্যাপারে জানতে চাইলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ছাত্র নিহতের ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। পরে মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আর শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের গুরুত্বপূর্ণ স্থানে স্পিডব্রেকার স্থাপন, ফিটনেস ও লাইসেন্সবিহীন ট্রাক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।