ফরিদপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকের দুই পায়ে গুলি, পিস্তলসহ গ্রেপ্তার ৫
ফরিদপুরে ব্যাটারিচালিত ইজিবাইক থেকে নামিয়ে হাবিব ফকির (৩২) নামের এক ব্যক্তির দুই পায়ে গুলি করার ঘটনায় পিস্তলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ফরিদপুরের কোতোয়ালি ও সালথা থানায় তিনটি মামলা হয়েছে।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়েন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) শেখ মো. আবদুল্লা বিন কালাম।
হাবিব ফকির কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের সমর্থক এবং ওই ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের গোলাপ ফকিরের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।
গ্রেপ্তার পাঁচজন বর্তমান ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান ওরফে তিতাসের সমর্থক। তাঁরা হলেন সদরপুর উপজেলার কৃষ্ণপুরের মো. সোহেল ফকির (২৮), ফরিদপুর শহরের কমলাপুর লালের মোড় এলাকার শেখ খসরু (৩৬) ও মো. রিপন ওরফে লিমন (২৫) এবং শহরের গুহলক্ষ্মীপুর এলাকার শাহীন মোল্লা (৩৭) ও মো. তুষার (৫৩)।
লিখিত বক্তব্যে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সালথা উপজেলার রসুলপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করে।
যে পিস্তল দিয়ে হাবিব ফকিরের পায়ে গুলি করা হয়, অভিযানের সময় সেটিসহ একটি গুলি, তিনটি ধারালো চাকু ও এক বোতল দেশি মদ জব্দ করা হয়।
হাবিব ফকিরকে গুলি করার ঘটনায় তাঁর ভাই আক্কাস ফকির গতকাল রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এরপর ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাববুবুর রহমান বাদী হলে সালথা থানায় ওই পাঁচ ব্যক্তিকে আসামি করে অস্ত্র আইনে একটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে বর্তমান ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান ওরফে তিতাস ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের মধ্যে বিরোধ চলে আসছে। এর জেরে দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। হাবিব ফকির একটি মামলায় হাজিরা দিতে গতকাল সকালে ফরিদপুর আদালতে এসেছিলেন। হাজিরা দিয়ে একটি ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। ইজিবাইকটি বেলা একটার দিকে ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে পৌঁছালে বর্তমান চেয়ারম্যান আকতারুজ্জামানের কয়েকজন সমর্থক সেটির গতিরোধ করেন। এরপর হাবিবকে নামিয়ে সড়কের পাশের একটি মেহগনিবাগানে নিয়ে দুই পায়ে গুলি করেন। এ সময় তাঁর বাঁ পায়ে কুপিয়ে জখম ও শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে আহত করা হয়।
হাবিব ফকির বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। তবে তিনি শঙ্কামুক্ত।
সংবাদ সম্মেলনে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল, পরিদর্শক (অপারেশন) আবদুল গফফার, পরিদর্শক (অপরাধ) হাবিল হোসেন, পরিদর্শক (পুলিশ কন্ট্রোল) সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালি থানার এসআই মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, আজ বিকেলে গ্রেপ্তার পাঁচ ব্যক্তিকে আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানির তারিখ পরে ঘোষণার সিদ্ধান্ত দিয়ে তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।