অন্তর্বর্তী সরকারও ত্বকী হত্যার বিচারের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে: রফিউর রাব্বি

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারের দাবিতে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। আজ রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারেছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫৫ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচিতে তাঁর বাবা রফিউর রাব্বি বলেছেন, ত্বকী হত্যার বিচারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনা সরকারের মতোই ব্যর্থ হয়েছে। দেড় বছর ক্ষমতায় থাকলেও সরকার এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করতে পারেনি।

রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠানে রফিউর রাব্বি এই অভিযোগ করেন। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

সংগঠনের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিনা তাজরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা প্রদীপ ঘোষ, সিপিবির কেন্দ্রীয় সদস্য মন্টু ঘোষ, বাসদ জেলা সদস্যসচিব আবু নাইম খান ও সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, শেখ হাসিনা সরকার সাড়ে ১১ বছর ধরে ত্বকী হত্যার বিচার কার্যক্রম বন্ধ করে রেখেছিল। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার দেড় বছর ক্ষমতায় থেকেও এ মামলায় দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। এখনো অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা সরকারের মতোই ব্যর্থ হয়েছে।

শেখ হাসিনা দেশে বিচারব্যবস্থাকে যেভাবে ধ্বংস করে রেখে গেছে তার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেন রফিউর রাব্বি। তিনি আরও বলেন, মামলা–বাণিজ্য, বেছে বেছে বিচার করা, বিচার বন্ধ রাখা—সবই হাসিনার মডেলে চলেছে। এ সরকারের কেউ কেউ ত্বকী হত্যার বিচারের কথা বললেও কার্যত তা হয়নি। শেখ হাসিনা নিজ দলীয় ওসমান পরিবারের ঘাতকদের রক্ষা করতে চেয়েছে, কিন্তু এই সরকার কাদের রক্ষায় কাজ করছে তিনি জানেন না। সরকার ও প্রশাসন যত দিন জনবান্ধব ও নিরপেক্ষ না হবে তত দিন এ দেশে সুশাসন প্রতিষ্ঠা পাবে না।

রফিউর রাব্বি বলেন, ‘নির্বাচনের আগে এখন সবাই ভালো ভালো কথা বলছেন; কিন্তু আমরা জানি না ক্ষমতায় গিয়ে তাঁরা কতটা প্রতিশ্রুতি রাখবেন। কারণ, আমাদের অতীত উদাহরণ কখনোই ভালো ছিল না।’

কর্মসূচি থেকে বক্তারা সাগর-রুনি, তনুসহ নারায়ণগঞ্জে ওসমান পরিবারের হাতে নিহত আশিক, চঞ্চল, বুলু, মিঠুসহ সব হত্যার বিচার দাবি করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে; কিন্তু সে অভিযোগপত্র আজও পেশ করা হয়নি।