রাজবাগানে বসে মাদকসেবন

দীর্ঘদিন সঠিক তদারকির অভাবে রাজবাগান থেকে মূল্যবান ও বিপন্ন অনেক গাছগাছালি উজাড় হয়ে গেছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে রাজবাগান পড়ে আছে অযত্নে–অবহেলায়। সম্প্রতি তোলা ছবি।
প্রথম আলো

গাজীপুর শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে মহানগরের নোয়াগাঁও এলাকায় প্রায় ২০ একর জমিতে ভাওয়াল জমিদার কালিনারায়ণ রায়ের রাজবাগান। বিনোদনের জন্য বাগানটি তিনি গড়ে তুলেছিলেন। অযত্ন আর অবহেলায় দেড় শ বছরের পুরোনো রাজবাগানটি আজ ধ্বংসের সম্মুখীন। এখন সেখানে বসে মাদকসেবীদের আড্ডা।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বাগানটি দক্ষিণ, পূর্ব, পশ্চিম—তিন দিকে জলাশয়বেষ্টিত। এখানে বর্ষাকালে তৈরি হয় চমৎকার নৈসর্গিক পরিবেশ। কোলাহলমুক্ত, শান্ত পরিবেশ। পাখপাখালির কলরবে মুখর থাকে এলাকাটি।

খোঁজ নিয়ে জানা যায়, জমিদারি প্রথা উচ্ছেদ এবং কোনো উত্তরাধিকার না থাকায় ভাওয়াল রাজার সব সম্পত্তি দেখভালের দায়িত্ব পায় ভূমি সংস্কার বোর্ড। নোয়াগাঁও মৌজায় রাজবাগানের জমির পরিমাণ প্রায় ২০ একর। এর মধ্যে একটি পুকুরও রয়েছে। দেশি-বিদেশি ফল ও ঔষধি গাছের সমাহার ছিল বাগানটিতে। এসবের অনেক কিছুই এখন বিলীন হয়ে গেছে। সেখানে একজন ব্যবস্থাপক নিয়োগ করে বাগানের জমির দেখভাল চলছে অনেক বছর ধরে।

স্থানীয় বাসিন্দা আবদুর রাজ্জাক বলেন, প্রায় ২০ বছর আগে হারেজ আলী মুন্সি নামের এক ব্যক্তি কটেজটি ইজারা নিয়েছিলেন। তখন তিনি এটার দেখাশোনা করতেন। সেই ইজারা বাতিল হওয়ায় এটি এখন অরক্ষিত অবস্থায় রয়েছে। ফল কে খাচ্ছে, গাছ কে কাটছে, তা দেখার কেউ নেই।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত হলেই রাজবাগানে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। এই সুযোগে সেখানে বসে মাদকের আড্ডা। নিরাপত্তাহীনতায় এখন আর লোকজন এখানে বনভোজন করতেও আসে না। চারটি কটেজ থাকলেও সেগুলো জরাজীর্ণ। একটি কটেজে পরিবার-পরিজন নিয়ে থাকেন নিরাপত্তাকর্মীরা। বাকি কটেজগুলো জীর্ণ। ওই সব কটেজে বসে মাদকসেবীদের আড্ডা।

রাজবাগানে নিয়োজিত নিরাপত্তারক্ষীরা জানান, স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল যুবকের কারণে তাঁরা অসহায়। একজন নিরাপত্তাকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা এলাকার বখাটেদের ভয়ে কাউকে কিছু বলতে পারি না। যার কারণে যে যার মতো করে প্রবেশ করছে আবার বেরিয়ে যাচ্ছে। রাতে অনেকেই এখানে মাদকের আড্ডা বসায়। বাধা দিলে তারা মারধরের ভয় দেখায়।’

রাজবাগানের তত্ত্বাবধায়ক শফিক মিয়া বলেন, ‘নিরাপত্তারক্ষীদের বলে দেওয়া হয়েছে, মাদকসেবীদের প্রবেশে বাধা দিতে। কিন্তু কেউ তাদের কথা শোনে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কয়েকবার সহযোগিতা চেয়েছি, কিন্তু পাইনি৷ এখানে আর আমরা কী করতে পারি?’

দীর্ঘদিন সঠিক তদারকির অভাবে রাজবাগান থেকে মূল্যবান ও বিপন্ন অনেক গাছগাছালি উজাড় হয়ে গেছে। পাশাপাশি নষ্ট হচ্ছে বাগানের সৌন্দর্যও। ১৯৯৭ সালের দিকে ভূমি সংস্কার বোর্ড বাগানটি অবৈধ দখলমুক্ত করে নিজেদের আয়ত্তে আনে। ২০০৭ সালের দিকে সরকার এটি ভাওয়াল রাজবাগান কাম পিকনিক স্পট হিসেবে গড়ে তুললেও পরিকল্পনার অভাবে তা বেশি দূর এগোয়নি। বর্তমানে রাজবাগানের চারপাশে কোনো সীমানাপ্রাচীর নেই। বাগানের বেশ কিছু জমি অবৈধ দখলে চলে যাওয়ার উপক্রম।

রাজবাগানের ব্যবস্থাপক আবদুল মান্নান বলেন, ‘সীমানাপ্রচীর না থাকা সবচেয়ে বড় সমস্যা। আগে আনসার ছিল কিন্তু সীমাবদ্ধতার কারণে আনসার রাখা যায়নি। এখন চারজন গার্ড (প্রহরী) কাজ করে। মাদকসেবীরা প্রধান ফটক ছাড়াও বিভিন্ন পাশ দিয়ে প্রবেশ করে। তাদের আসলে নিয়ন্ত্রণ করা কষ্টকর। আমরা গার্ডদের লিখিত একটি অভিযোগ দিতে বলেছিলাম, কিন্তু ভয়ে তারা সেই অভিযোগ দেয়নি।’

ইতিহাস ও ঐতিহ্যবিশেষজ্ঞরা জানান, ১৮৬৭ সালের দিকে ওই বিনোদনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন ভাওয়াল জমিদার কালিনারায়ণ রায়। পরে তাঁর ছেলে রাজেন্দ্রনারায়ণ রায় তা সম্পন্ন করেন। প্রথম দিকে রাজার নিয়োগ করা ইংরেজ কর্মকর্তা-কর্মচারীদের বিনোদনের ব্যবস্থা করা হয় এ বাগানে। পরে রাজার উত্তরাধিকারীরা নিয়মিত এ বাগানে বিনোদনের জন্য যেতেন। জমিদারি প্রথা উচ্ছেদের সঙ্গে সঙ্গে বাগানটির দখল নেন স্থানীয় কিছু ব্যক্তি। দীর্ঘদিন অবৈধ দখলে রেখে একদিকে মূল্যবান ও বিপন্ন বৃক্ষ উজাড় করে ফেলেন তাঁরা। বাগানের সৌন্দর্যও নষ্ট করে। পরে ভূমি সংস্কার বোর্ড বাগানটি অবৈধ দখলমুক্ত করে।

ভাওয়াল অঞ্চলবিষয়ক বিভিন্ন গ্রন্থের লেখক ও গাজীপুর ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক বলেন, ভাওয়াল রাজারা গাজীপুরে একসময় শাসনকাজ চালিয়েছেন। সে সময়ের অনেক কিছুই এখন ঐতিহ্যের স্মারক। ভাওয়াল রাজাদের অনেক নিদর্শন এখনো রয়ে গেছে। এর মধ্যে অন্যতম ভাওয়াল রাজবাড়ি, রাজ শ্মশানেশ্বরী মন্দির ও রাজবাগান। রাজবাগানটিতে অনেক মূল্যবান গাছপালা রয়েছে, কিন্তু পরিচর্যার অভাবে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে।