শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়েছে শ্রমিকদের ৪৫টি কক্ষ

গাজীপুরে শ্রীপুরে শ্রমিকদের কক্ষে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। আজ সকাল ৯টার দিকেছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে দুটি কলোনি বাড়ির ৪৫টি কক্ষ পুড়েছে। এ ঘটনায় ভাড়াটিয়াদের নগদ টাকাসহ নানা মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, এ ঘটনায় তাঁদের প্রায় এক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া এলাকায় খোকন মিয়া ও নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে দেড় ঘণ্টার চেষ্টায় বেলা ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, সকালের দিকে একটি কক্ষে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়। পরে মুহূর্তেই বিভিন্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আগুনে খোকন মিয়ার বাড়ির ৩৫টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন পাশে নুরুল ইসলামের বাড়ির আরও ১০টি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বিভিন্ন কক্ষের মালামাল পুড়ে গেছে।
খোকন মিয়া বলেন, কক্ষগুলো বিভিন্ন কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। আগুনে তাঁর ভাড়াবাড়ির প্রায় সব কক্ষ পুড়েছে।

নুরুল ইসলাম বলেন, আগুন দেখতে পেয়ে সবাই দ্রুত বের হয়ে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান, প্রাথমিক তদন্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।