ভৈরবে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় বগি লাইনচ্যুত, ১৫ যাত্রী আহত
ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর এগারোসিন্ধুর ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতি দেয় আজ শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে। ট্রেনটির শেষ গন্তব্য কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ অভিমুখে যাত্রা করতে ভৈরব স্টেশনে এসে ট্রেনটির ইঞ্জিন ঘোরাতে হয়। তবে আজ সকালে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় আরও তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় ওই ট্রেনের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর ওই ট্রেনের চালক আবদুস ছাত্তার পালিয়ে গেছেন।
ভৈরব রেলস্টেশন কর্তৃপক্ষ এবং যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে কিশোরগঞ্জে প্রতিদিন এক জোড়া এগারসিন্ধুর ট্রেন যাতায়াত করে। আজ সকাল ৭টা ১৫ মিনিটে ট্রেনটি (৭৩৭) কমলাপুর স্টেশন ছেড়ে আসে। ৯টা ২৫ মিনিটে ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতি করে ৩ নম্বর লাইনে। যাত্রাবিরতির কিছুক্ষণের মধ্যে চালক ইঞ্জিন ঘুরিয়ে কিশোরগঞ্জ অভিমুখে নিয়ে আসে। বগির সঙ্গে ট্রেনের ইঞ্জিন সংযোগের সময় চালক গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। এতে ইঞ্জিনটি সজোরে বগিকে ধাক্কা দিলে বিকট শব্দ হয়ে প্রথম বগিটি লাইনচ্যুত হয়ে যায়। এ সময় পরের তিনটি বগির দরজা ভেঙে যায় ও জানালার কাচ খসে পড়ে। এতে প্রথম বগিতে থাকা অন্তত ১৫ জন পড়ে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর গ্রামের সোহরাব হোসেন এগারসিন্ধুর ট্রেনের যাত্রী দুর্ঘটনার সময় ওই বগির আসনে বসে ছিলেন। তিনি বলেন, ‘হঠাৎ কানে বিকট শব্দ আসে। সঙ্গে সঙ্গে ট্রেনটি নড়ে ওঠে। এ সময় বগির ভেতরে দাঁড়িয়ে থাকা কয়েক যাত্রী পড়ে যান। তখন বুঝতে পারি, ট্রেনের কোনো সমস্যা হয়েছে।’
ভৈরব পৌর শহরের কমলপুর এলাকার আমির হামজা নামে আরেক যাত্রী বলেন, বিরতির সময় ট্রেন থেকে নেমে তিনি ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় ইঞ্জিনটি বেশ গতি নিয়ে পেছনের দিকে আসছিল। রেলওয়ের একজন হাত নাড়াচ্ছিলেন। কিন্তু চালক আর গতি কমাতে পারেননি। একপর্যায়ে ইঞ্জিনটি গিয়ে প্রথম বগিকে সজোরে ধাক্কা দেয়।
এদিকে দুর্ঘটনার পর থেকে ট্রেনের চালক আবদুস ছাত্তার পলাতক। ভৈরব স্টেশন মাস্টার মো. নুরুন্নবী বলেন, ইঞ্জিন ঘোরানোর সময় বেশি গতি থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর থেকে ট্রেনের চালককে পাওয়া যাচ্ছেন না। চালকের দায়িত্বহীনতায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন তিনি। লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধারে আখাউড়া থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। তবে প্ল্যাটফর্মে দুর্ঘটনা ঘটায় অন্য ট্রেন চলাচলে কোনো সমস্যা সৃষ্টি হয়নি।