পোস্টাল ব্যালটে ভোট দিলেন ফেনীর দুই কারাগারের ৫১ বন্দী
ফেনীর দুটি কারাগারের ৫১ জন বন্দী পোস্টাল ব্যালটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়েছেন। একই সঙ্গে তাঁরা গণভোটেও অংশ নেন। গতকাল শুক্রবার তাঁদের ভোট গ্রহণ হয়।
কারাগার সূত্র জানায়, ফেনী জেলা কারাগার-১ থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ৫২ জন আবেদন ও নিবন্ধন করেন। নিবন্ধিতদের মধ্যে পাঁচজন জামিনে মুক্ত হওয়ায় বাকি ৪৭ জন ভোট দিয়েছেন। অন্যদিকে ফেনী জেলা কারাগার-২ থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন ৪ জন। তাঁরা সবাই ভোট দিয়েছেন।
ফেনী জেলা কারাগার-১-এর জেল সুপার আবদুল জলিল এবং ফেনী জেলা কারাগার-২-এর জেল সুপার দিদারুল আলম বন্দীদের ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দিদারুল আলম বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিয়োজিত নির্বাচন কর্মকর্তা এবং জেল সুপার ও একজন কারারক্ষীর উপস্থিতিতে গতকাল ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।