এডওয়ার্ড কলেজের অর্থনীতি বিভাগে পুনর্মিলনীতে প্রাণবন্ত প্রাক্তনরা
পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের অর্থনীতি বিভাগের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনীতে মিলিত হয়েছেন শত শত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী। আজ রোববার সকাল থেকে স্মৃতিচারণা, আড্ডা, সাংস্কৃতিক আয়োজন ও শোভাযাত্রায় মুখর হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের স্নাতক ওহিদুল কাওছার বর্তমানে চাকরির পাশাপাশি নাট্যচর্চা করেন। অন্যদিকে ১৯৯০-৯১ শিক্ষাবর্ষের স্নাতক আবুল কালাম আজাদ এখন কলেজশিক্ষক। নীল রঙের টি-শার্ট পরে দুজনই মিশে গিয়েছিলেন নবীন শিক্ষার্থীদের সঙ্গে। ঢোল-ঢাকের তালে নেচে–গেয়ে আনন্দে অংশ নেন তাঁরা।
সকাল সাড়ে আটটার দিকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী আয়োজন। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে জেলা শহর প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে আসে। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে সজ্জিত শোভাযাত্রায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা একসঙ্গে আনন্দ করেন।
সকাল সাড়ে ৯টায় কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে শুরু হয় মূল অনুষ্ঠান। সেখানে কলেজজীবনের নানা স্মৃতি তুলে ধরেন প্রাক্তন শিক্ষার্থীরা। কেউ আবেগাপ্লুত হয়ে পড়েন, কেউ শোনান মজার গল্প। দীর্ঘদিন পর দেখা হওয়া বন্ধুদের সঙ্গে স্মরণীয় মুহূর্তগুলো মুঠোফোনের ক্যামেরায় বন্দী করেন অনেকে।
শোভাযাত্রায় অংশ নেওয়া ওহিদুল কাওছার বলেন, ‘দীর্ঘদিন পর ক্যাম্পাসে এসে কলেজজীবনের বন্ধুদের পেয়েছি। মনে হচ্ছে নতুন করে আবার ছাত্রজীবন। সবাই মিলে হইহুল্লোড়, আনন্দ হচ্ছে। এ এক চরম ভালো লাগা।’
২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফফাত শারমিন বর্তমানে কলেজশিক্ষক। তিনি বলেন, ‘কর্মজীবনের ব্যস্ততায় বন্ধুদের খোঁজখবরই মেলে না। এই মিলনমেলা সেই ঘাটতি পূরণ করল। প্রাক্তন বন্ধুদের পেয়ে ভালো লাগছে।’
২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোখলেসুর রহমান বলেন, কলেজজীবনই জীবনের সেরা সময়, আর কলেজের বন্ধুরাই সেরা বন্ধু। তাই প্রিয় ক্যাম্পাস ও বন্ধুদের কাছে পেয়ে তিনি আবেগাপ্লুত। তাঁর মতে, এ ধরনের আয়োজন নবীন ও প্রবীণদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে।
অর্থনীতি বিভাগের প্রধান রফিকুল ইসলাম বলেন, বিভাগের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সংগীত, নাটক, আবৃত্তি, খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে যুক্ত। তাঁরা আন্তবিভাগীয় ফুটবল ও ক্রিকেটে বিভাগকে সাফল্য এনে দিয়েছেন। দেশ-বিদেশে বিভিন্ন পেশায় কর্মরত প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে পুনর্মিলনী আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন, অর্থনীতি বিভাগ দ্বিতীয়বারের মতো পুনর্মিলনীর আয়োজন করেছে। তিনি আয়োজকদের অভিনন্দন জানান এবং বিভাগটির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে এ বিভাগ থেকে আন্তর্জাতিক মানের শিক্ষক, গবেষক ও প্রশাসক তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন।
বিকেলের দ্বিতীয় পর্বে র্যাম্প শো, জাদু প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। এতে গান পরিবেশন করবে ব্যান্ডদল শিরোনামহীন।