সবজি চাষ করে রাষ্ট্রীয় পদক

করোনায় পোশাক কারখানার চাকরি হারিয়ে আবুল ফজল নিজের গ্রামে ফিরে গিয়ে কৃষিকাজ শুরু করেন।

নিজের সবজি বাগানে কাজ করছেন কৃষক আবুল ফজলছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত বছরের বেশি সময় ধরে জমিটি ছিল পরিত্যক্ত। ঘন জঙ্গল আর পোড়ামাটি ছিল সেখানে। সে জমিতে সবজি ফলিয়ে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা পেলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বালুচড়া গ্রামের কৃষক আবুল ফজল।

আবুল ফজল পেশায় কৃষক ছিলেন না। করোনার সময় পোশাক কারখানার চাকরি হারিয়ে তিনি নিজের গ্রামে ফিরে গিয়ে কৃষিকাজ শুরু করেন। মাত্র তিন বছরেই তিনি পেয়েছেন সফলতা। দুটি পৃথক প্লটে করেছেন নানা ধরনের সবজি চাষ। নিজের বাড়ির আঙ্গিনায় গরুর গোয়াল তৈরি করে পালন করছেন বিদেশি জাতের গরুও।

মাত্র তিন বছরে নিজের সাফল্যে আবুল ফজল পেয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের কৃষক পুরস্কার (প্রথম পুরস্কার)। চলতি বছরের নভেম্বর মাসে তিনি এ পুরস্কার পান।

গত বুধবার বালুচড়া গ্রামে আবুল ফজলের সবজিবাগানে গিয়ে কথা হয় তাঁর সঙ্গে। জানা যায় আবুল ফজলের কৃষক হয়ে ওঠার গল্প। পারিবারিক নানা সংকটে ১৯৯৭ সালে মাত্র ১৬ বছর বয়সে ঢাকায় গিয়ে পোশাক কারখানায় চাকরি শুরু করেন তিনি। চাকরিতে ভালো করতে থাকায় ক্রমে তাঁর বেতন বাড়তে থাকে। তবে ২০১৯ সালে করোনা সংকট দেখা দিলে তিনি চাকরি হারান। এরপর আর কোনো চাকরির সন্ধান না করে ফিরে যান গ্রামের বাড়ি। ছোটবেলা থেকেই কৃষিকাজের প্রতি ঝোঁক ছিল আবুল ফজলের। তবে কৃষিকাজ করার মতো পর্যাপ্ত জমি ছিল না তাঁর। গ্রামে ফিরে গিয়েও কোনো জমি পাননি তিনি। পরে নিজের বাড়ি থেকে অল্প দূরে শত বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ২৭০ শতাংশ জমি সাত বছরের জন্য ইজারা নেন তিনি।

পরিত্যক্ত জমিটি ইজারার নেওয়ার সময় গ্রামের অনেক মানুষ সমালোচনা শুরু করেন। ওই জমিতে ছিল গভীর জঙ্গল। প্রাচীনকালে ওই জমিতে মাটির জিনিসপত্র তৈরি করা হতো বলে মাটি ছিল খুবই শক্ত। মানুষের সমালোচনাকে উপেক্ষা করে তিনি প্রায় দেড় লাখ টাকা ব্যয় করে জমিটিকে পরিষ্কার করে চাষের উপযোগী করেন। এরপর শুরু করেন ঘাস আর সবজি চাষ।

আবুল ফজল জানান, ঢাকায় পোশাক কারখানায় চাকরি করার সময়ই তাঁর বাড়িতে তিনটি দুধের গরু ছিল। গরুগুলোর খাবার কিনে আনতে হতো। নিজের জমি হওয়ার পর প্রথমে জমিতে হাইব্রিড জাতের ঘাসের চাষ শুরু করেন। ঘাসের ফলনে লাভবান হওয়ায় তিনি দ্রুত গরুর সংখ্যা বাড়াতে থাকেন। পাশাপাশি চলে নানা জাতের সবজি চাষ।

বর্তমানে আবুল ফজলের পৃথক দুটি প্লটে শিম, মিষ্টিকুমড়া, তরমুজ, মাল্টা, কুমড়া, কমলা, শজনে, কাঁচা মরিচ চাষ করেন। এ ছাড়া তিনি ক্যাপসিকাম, স্ট্রবেরিসহ বিভিন্ন ধরনের চারা উৎপাদন করেন।

তবে আবুল ফজলের চাষের বিশেষত্ব হচ্ছে, তিনি বেশির ভাগ সবজিই মৌসুমের বাইরে (অফ সিজন) চাষ করেন। এতে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও বেশি লাভবান হওয়া যায়। বিশেষ করে তিনি বর্ষাকালে কাঁচা মরিচ চাষ করেন। ওই সময় সারা দেশে কাঁচা মরিচের চাষ কম থাকায় দাম বেশি থাকে।

আবুল ফজল জানান, নিজের জমিতে ঘাস চাষেও তিনি সফল। উৎপাদিত ঘাসে নিজের ১৪টি গরুর খাবার চাহিদা মেটে। এ ছাড়া দূরদূরান্ত থেকে মানুষ এসে তাঁর কাছ থেকে ঘাসের কলম কিনে নিয়ে যান। ১৪টি গরুর গোবর থেকেও ভার্মি কম্পোস্ট পদ্ধতিতে জৈব সার উৎপাদন করেন তিনি। এ সার নিজের জমিতে প্রয়োগ করেন তিনি।

গৌরীপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল মতিন বলেন, আবুল ফজল সবজি চাষের শুরু থেকেই নিজে প্রচুর পরিশ্রম করেন। পরিশ্রমের কারণে তিনি দ্রুত সফলতা পেয়েছেন। তিনি সবজি চাষে দৃষ্টান্ত হতে পারেন।