সিরাজদিখানে টেঁটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুই পক্ষের মধ্যে টেঁটা নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর বাজার এলাকায় আজ সোমবার সকাল ১০টার দিকে শুরু হয়ে বেলা দুইটা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
আহত ব্যক্তিদের মধ্যে টেঁটাবিদ্ধ জমির আলী (৩০) নামের একজনকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে খাসমহল বালুচর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষে জড়ানো একটি পক্ষের নেতৃত্বে ছিলেন ইউনিয়নটির মোল্লাকান্দি গ্রামের বাসিন্দা ও বালুচর বাজার সমিতির সভাপতি আমির হোসেন এবং অপর পক্ষের নেতৃত্বে ছিলেন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও খাসমহল বালুচর এলাকার রাসেল রানা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাসমহল বালুচর উচ্চবিদ্যালয়ে খাসমহল বালুচর ও মোল্লাকান্দি গ্রামের দুই ছাত্রের মধ্যে কয়েক দিন আগে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে আজ সকালে মোল্লাকান্দি এলাকার আমির হোসেন খাসমহল এলাকার আজিজুল ইসলাম নামের এক যুবকের বাড়িতে গিয়ে মারধর করেন। বিষয়টি জানাজানি হলে সকাল ১০টার দিকে রাসেল রানার নেতৃত্বে খাসমহল এলাকার লোকজন টেঁটা নিয়ে মোল্লাকান্দির দিকে যান। আমির হোসেনরাও টেঁটা নিয়ে রাস্তায় নামেন। এ সময় দুই পক্ষের মধ্যে সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন।
এ ঘটনায় আমির হোসেনের মুঠোফোনে কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। আমির হোসেনের পক্ষের নুরু বাউল বলেন, ‘বিদ্যালয়টি রাসেল মেম্বারদের এলাকায়। সেখানে প্রায় সময় মোল্লাকান্দি গ্রামের ছেলেদের মারধর করে ওই এলাকার ছেলেরা। এই ঘটনার বিচার চাইতে গেলে রাসেলের নেতৃত্বে মোল্লাকান্দির মানুষের ওপর হামলা চালানো হয়। পরে তারাও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আমাদের পক্ষের পাঁচ থেকে ছয়জন টেঁটাবিদ্ধ হয়েছেন। গ্রেপ্তার এড়াতে সবাই লুকিয়ে চিকিৎসা নিচ্ছেন।’
অপর পক্ষের ইউপি সদস্য রাসেল রানা বলেন, ‘স্কুল চলাকালীন দুটি ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। তখন আমাদের গ্রামের আজিজুল নামে এক যুবক ওই ছেলেদেরকে স্কুলে যেতে বলে। এ নিয়ে স্কুলের ওই দুই শিক্ষার্থী আজিজুলকে বকাবকি করে। আজিজুল তাদের ধাক্কা দিয়ে ক্লাসে যেতে বলার কারণে আজিজুলদের বাড়িতে এসে মারধর শুরু করে আমির হোসেন। এলাকার মানুষ এ ঘটনার প্রতিবাদ জানালে আমির হোসেনরা আমাদের ওপর টেঁটা হামলা চালায়। এতে আমাদের শামীম, জাকারিয়া, শাহীন ও মাসুম নামে চারজন টেঁটাবিদ্ধ হয়। এ ছাড়া ইটপাটকেলের আঘাতে আরও ১৫-২০ জন আহত হয়েছে। এদের মধ্যে একজন গুরুতর অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন।’
এ বিষয়ে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বিকেল পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, সংঘর্ষের বিষয় জানতে পেরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের পাঁচটি শেল ব্যবহার করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।