এবার জাপার ভাইস চেয়ারম্যান রউফকে দল থেকে অব্যাহতি
কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের পদসহ দলের সব ধরনের পদ থেকে আবদুর রউফ ওরফে মানিককে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। আজ বুধবার জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক বার্তায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
ওই বার্তায় বলা হয়েছে, পার্টির গঠনতন্ত্রের ২০/১/(১)ক ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ১৪ সেপ্টেম্বর এক বার্তায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে মসিউর রহমান ওরফে রাঙ্গাকে অব্যাহতি দেন দলের চেয়ারম্যান জি এম কাদের।
আবদুর রউফ রংপুর পৌরসভার সাবেক মেয়র। তিনি বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে জাতীয় পার্টির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে দেশে ফেরেন আবদুর রউফ। এসেই মেয়র পদে প্রার্থী হতে প্রচার-প্রচারণা শুরু করেন।
অব্যাহতির বিষয়ে আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘বিকেলে নানাজনের কাছে বিষয়টি জানতে পারি। তবে এখনো কোনো চিঠি পাইনি। হয়তো পেয়ে যাব।’
জাপার একাধিক সূত্র জানায়, কয়েক দিন আগে রওশন এরশাদের সবুজ সংকেত পেয়ে রংপুরে ফেরেন আবদুর রউফ। এরপর তাঁর পক্ষে রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ‘দোয়া চেয়ে’ পোস্টার লাগানো হয়। তবে এ সিটি নির্বাচনে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমানকে গত বছর প্রার্থী ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।
কয়েকটা দিন অপেক্ষা করলে সব পরিষ্কার হয়ে যাবে মন্তব্য করে আবদুর রউফ বলেন, ‘লাঙ্গল প্রতীক নিয়ে সিটি নির্বাচন করব বলেই আমার পক্ষে পোস্টার লাগানো হয়েছে। আমাকে ম্যাডাম (রওশন এরশাদ) নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিয়েছেন। এ কারণে দলের একটি অংশ আমার ওপরে ক্ষুব্ধ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। ম্যাডাম (রওশন) আগামী ৮ তারিখে বিদেশ থেকে ফিরছেন। সেই পর্যন্ত অপেক্ষা করি।’