‘ভালো মানুষ হতে বাধা আসবেই, থেমে যাওয়া চলবে না’

জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা জেলা শহরের প্রবীণ শিক্ষক অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামানছবি: হাসান মাহমুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতে হঠাৎ তাপমাত্রা কমতে শুরু করে। শীত যেন চলে গিয়েও ফিরে এসেছে। সাতসকালে কুয়াশার সঙ্গে ছিল হিমেল হাওয়া। এরই মধ্যে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান মাঠে আসতে শুরু করে কৃতী শিক্ষার্থীরা। সকাল সাড়ে আটটার মধ্যেই কানায় কানায় ভোরে ওঠে পাবনা জিলা স্কুল প্রাঙ্গণ। বন্ধুদের পেয়ে গল্প-আড্ডা আর আনন্দ-উচ্ছ্বাসে মাতে কৃতীরা।

পাবনায় আজ শনিবার সকালে উৎসবমুখর পরিবেশে শুরু হয় শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। সকাল ১০টার দিকে পাবনা বন্ধুসভার বন্ধুদের জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শহরের প্রবীণ শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান।

উদ্বোধনী পর্ব শেষেই শুরু হয় গান ও নৃত্য। মাঝে মাঝে কৃতীদের উদ্দেশে বক্তব্য দেন জেলা শহরের গুণী শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা। প্রথম আলো পাবনার আলোকচিত্রী হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পাবনা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রবীণ শিক্ষক অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘তোমাদের মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। মানুষ হও। ভালো মানুষ হতে বাধা আসবেই, থেমে যাওয়া চলবে না। সামনে এগোতে হবে। তোমাদের দিকেই তাকিয়ে থাকে এ জাতি।’

সরকারি এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান শওকত হোসেন বলেন, ‘যা কিছু সুন্দর, তা প্রথম আলো। আর তোমরা ভালো হলে দেশ এগিয়ে যাবে।’

মিথ্যা, মাদক ও মুখস্থকে না বলার জন্য শিক্ষার্থীদের হাত তুলে শপথ করান প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন
ছবি: হাসান মাহমুদ

সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন শিক্ষার্থীদের মিথ্যা, মাদক ও মুখস্থকে না বলার জন্য হাত তুলে শপথ করান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাবনা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল খালেক, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, বন্ধুসভার সভাপতি ও পাবনা ইসলামিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান শিক্ষক গোলাম হাসনায়েন প্রমুখ।

আয়োজনের ফাঁকে ফাঁকে ছিল কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে গান ও আবৃত্তি। গান পরিবেশন করেন বন্ধুসভার সদস্য শেখ তোজা ফাহমিদা, নাহিদুজ্জামান, স্মরণী আক্তার ও ব্যান্ড অরফিউজিক দল। নাচ পরিবেশন করেন তেহজীব তারাননুন। কৃতী শিক্ষার্থীদের অনুরোধে একের পর এক জনপ্রিয় ব্যান্ডের গান পরিবেশন করেন শিল্পীরা। এ সময় গানের তালে আনন্দে মাতে কৃতীরা।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সাদিয়া আরফিন বলে, ‘আমরা অনেক মজা করেছি। এ রকম অনুষ্ঠান যেন আরও হয়। তাহলে শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে। ভালো ফলাফল করে দেশকে আরও উঁচু জায়গায় নিয়ে যাবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে অরফিউজিক ব্যান্ডের গানে কণ্ঠ মিলিয়ে উল্লাসে মাতে শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে পাবনা জিলা স্কুল মাঠে
ছবি: হাসান মাহমুদ

দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় গত ১৬ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কার্যক্রম চলছে। এ আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। সংবর্ধনায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য থাকছে প্রথম আলো ই-পেপার (এক মাস) ও অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন এবং শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স। এ ছাড়া অনুষ্ঠানের শুরুতেই নিবন্ধিত শিক্ষার্থীদের দেওয়া হয়েছে ক্রেস্ট, সনদ ও স্ন্যাকস বক্স।