শিবচরে সাপের কামড়ে প্রাণ গেল শিশুটির

মাদারীপুর জেলার মানচিত্র

মাদারীপুরের শিবচর উপজেলায় সাপের কামড়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

মারা যাওয়া শিশুটির নাম রাফিয়া খান। সে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নয়াবাজারসংলগ্ন গুয়াগাছিয়া এলাকার রাকিব খানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত ৮টার দিকে রাফিয়া ঘরের সিঁড়িতে পা ঝুলিয়ে বসে ছিল। কিছুক্ষণ পর চিৎকার দিলে পরিবারের লোকজন ছুটে গিয়ে দেখেন পায়ে কামড়ের চিহ্ন। এর পরেই সিঁড়ির নিচে সাপ দেখতে পাওয়া যায়। এ সময় রাফিয়া বমি করতে শুরু করলে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিঠুন বিশ্বাস বলেন, বিষধর সাপে কাটা শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে শিশুটির স্বজনেরা হাসপাতালে ভর্তি না করে তড়িঘড়ি করে ঢাকায় নেন। তবে শিশুটি মারা যাওয়ার খবর তিনি পাননি।

রাফিয়ার বাবা রাকিব খান বলেন, ‘সিঁড়িতে গিয়ে বসার পরই মেয়ের পায়ে সাপটি কামড় দেয়। এতে আমার মেয়ে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। আমরা প্রথমে বুঝতে পারিনি। ভেবেছি অন্য কিছু কামড় দিতে পারে। পরে দেখি সাপ। ততক্ষণে বমি করতে শুরু করে মেয়ে। আমার গলা শক্ত করে জড়িয়ে ধরে ছিল মেয়েটি। শেষ পর্যন্ত মেয়েটিকে বাঁচানো গেল না।’

বিষধর সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।