পার্বতীপুরে বাস মালিক সমিতির নেতার ওপর হামলা, বাস চলাচল বন্ধ
দিনাজপুরের পার্বতীপুরে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফয়জার রহমান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে পার্বতীপুর পৌর এলাকার রহমতনগর মোড়ে দুর্বৃত্তরা ফয়জার রহমানকে ছুরিকাঘাত করে। এ ঘটনার প্রতিবাদে পার্বতীপুর থেকে ঢাকাসহ সব রুটের বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মালিক সমিতির নেতারা।
ফয়জার রহমান পার্বতীপুরের ব্যবসায়ী মকবুল হোসেনের ছেলে। তিনি বর্তমানে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার রহমতনগর মোড়ে হেলমেট পরা একদল দুর্বৃত্ত ফয়জারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এদিকে আজ সকালে পার্বতীপুর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, পার্বতীপুর থেকে ঢাকা, সৈয়দপুর, ফুলবাড়ীসহ অভ্যন্তরীণ কোনো রুটে বাস ছেড়ে যায়নি। হঠাৎ বাস বন্ধের এ সিদ্ধান্তে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।
দিনাজপুরে স্নাতকের পরীক্ষা দিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন জোহরা। তিনি বলেন, বাস চলাচল বন্ধের ব্যাপার তিনি কিছু জানতেন না। বাস টার্মিনালে এসে তিনি চরম বিড়ম্বনায় পড়েছেন। এখন বিকল্প উপায়ে ইজিবাইক নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন।
বাস মালিক সমিতির সভাপতি এ জেড এম মিনহাজুল হক বলেন, ‘মালিক ও শ্রমিক সংগঠন মিলেই আমরা এই ধর্মঘট পালন করছি। যতক্ষণ না অপরাধী ধরা পড়ে, আমাদের বাস রাস্তায় চলবে না। এ ঘটনায় মামলা করা হবে।’
জানতে চাইলে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান বলেন, বাস মালিক সমিতির নেতার ওপর হামলার বিষয়টি তিনি মাধ্যমে জেনেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।