রাজবাড়ীতে ফিলিং স্টেশনে আগে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

রাজবাড়ীর কালুখালীতে ফিলিং স্টেশনে আগে তেল নেওয়াকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল সোমবার রাতেছবি: ভিডিও থেকে নেওয়া

রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি ফিলিং স্টেশনে আগে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গতকাল সোমবার রাত ১১টার দিকে কালুখালী উপজেলার মোহনপুর এলাকার শেখ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় লোকজনের করা একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি তেলের সংকটের কারণে গতকাল রাতে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। এ সময় কয়েকজন সিরিয়াল ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করলে অপেক্ষমাণ অন্যদের সঙ্গে প্রথমে কথা–কাটাকাটি, তারপর হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এতে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে তেল সরবরাহ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুই পক্ষের মধ্যে হট্টগোল চলছে। একে-অপরকে কিলঘুষি মারছেন। একজন শার্টের কলার ধরে রাখছেন, অন্য কয়েকজন কিলঘুষি মারছেন। আবার অন্য একজনকে হ্যান্ডমাইক নিয়ে গোলযোগ থামানোর চেষ্টা করতে দেখা যায়। এ সময় কয়েকজনকে তেল নিতে আসা প্লাস্টিকের বোতল নিয়ে তেলের ড্রামের ওপর বারবার আঘাত করতে দেখা যায়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, তেলের লাইনে দাঁড়ানো ও আগে তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সদর উপজেলার চন্দনী আফরা এলাকার এক যুবক তাঁর হাতে থাকা চাবি রিং দিয়ে স্থানীয় মোহনপুর এলাকার আরেক যুবকের শরীরে আঘাত করলে তাঁর মাথায় সামান্য রক্তপাত হয়। পরে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠালে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে স্থানীয় পর্যায়ে মীমাংসা হওয়ায় কোনো পক্ষ অভিযোগ করেনি।

এদিকে ঈদের পর গত দুই দিন জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ থাকায় নানা স্থানে উত্তেজনা দেখা যায়। এ বিষয়ে জেলা প্রশাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানতে চাইলে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) মো. হাফিজুর রহমান গতকাল দুপুরে জানান, আজ (সোমবার) থেকে সব পাম্পে তেল পাওয়া যাবে। গত দুই দিন ডিপো থেকে তেল সরবরাহ না করায় অধিকাংশ পাম্পেই তেল শেষ হয়ে যায়। সপ্তবর্ণা ও করিম ফিলিং স্টেশনে সীমিত পরিসরে তেল দেওয়া হচ্ছে।