কুষ্টিয়ায় বিএনপির ২১৬ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, ৫ জন কারাগারে
কুষ্টিয়ায় বিএনপির ২১৬ নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
রোববার দুপুরে মামলাটি করেন কুষ্টিয়া সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিপংকর কুমার দেবনাথ। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সময় আটক পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা বর্তমানে কারাগারে। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের এসআই কায়েস মিয়া তদন্ত করছেন।
কারাগারে যাওয়া পাঁচ আসামি হলেন রিকু শেখ (৩৭), শিমুল ইসলাম (২০), সাজ্জাদ আলী (১৯), সোহানুর রহমান (৩৫) ও আসলাম হোসেন (৩০)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার রাত সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া শহরের এনএস রোডের সিঙ্গার মোড়ে বিএনপির মহাসমাবেশের সমর্থনে নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় বেশ কিছু উচ্ছৃঙ্খল নেতা-কর্মী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের জন্য সমবেত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৭০ থেকে ২২০ জন উচ্ছৃঙ্খল নেতা-কর্মী দৌড়ে পালিয়ে যান। এ সময় পুলিশ পাঁচজনকে হাতেনাতে আটক করে। ঘটনাস্থল থেকে পুলিশ ৪টি অবিস্ফোরিত ককটেল, ১৪টি বাঁশের লাঠি, ৯টি লোহার রড ও ৪০টি ইটের টুকরা উদ্ধার করে।
পুলিশের করা এই মামলার আসামিরা হলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মইদ (৫৩), শামিমুল হাসান (৫২), সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম (৫২), জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজ্জাকির রহমান (২৯), সদস্যসচিব খন্দকার তসলিম উদ্দিন (৩৩), জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (৫১), জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল হাকিম (৪০), সাধারণ সম্পাদক আবু সাঈদ (৪০), শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহিন (৪৫), জেলা কৃষক দলের বহিষ্কৃত আহ্বায়ক আরিফুল ইসলাম (৪২) ও ভারপ্রাপ্ত আহ্বায়ক আমজাদ হোসেন (৪২)।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ছাত্রদলের বেশ কিছু নেতা-কর্মী জড়ো হয়ে শহরের এন এস রোডের পরিমল টাওয়ারের সামনে থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি সিঙ্গার মোড় পর্যন্ত এলে আগে থেকে অবস্থান নেওয়া স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন। এতে ছাত্রদলের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ছাত্রদলের দুই কর্মীকে মারধর করে আটকে রাখেন।
মামলার বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন সরকার প্রথম আলোকে বলেন, বিএনপির নেতারা যখনই মাঠে নামছেন, তখনই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার। এতে পুলিশকে ব্যবহার করছে। কিন্তু এভাবে আন্দোলনকে দমানো যাবে। নেতা-কর্মীরা আরও উজ্জীবিত হচ্ছেন। যেকোনো মূল্যে সবকিছু উপেক্ষা করে আন্দোলন চলবে।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই কায়েস মিয়া প্রথম আলোকে বলেন, হাতেনাতে আটক আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।