সীতাকুণ্ডে মহাসড়কের পাশ থেকে যুবকের হাতবাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক যুবকের হাতবাঁধা লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই যুবকের পরিচয় জানা যায়নি।

সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এসআই) আমির উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের পাশে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। নিহত যুবকের গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। তাঁর দুই হাত পিছমোড়া করে বাঁধা। তাঁর পরিচয় শনাক্তের জন্য লাশের আঙুলের ছাপ নিতে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ওই যুবককে হত্যা করে মহাসড়কের পাশে দুর্বৃত্তরা লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন নাসরুল্লাহ প্রথম আলোকে বলেন, লাশের ধরন দেখে মনে হচ্ছে, এটি হত্যাকাণ্ড। মহাসড়কের পাশে ঘটনাটি হওয়ায় এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে হাইওয়ে পুলিশ।