নওগাঁ কারাগারে বন্দী এক আওয়ামী লীগ নেতার মৃত্যু

মৃত্যুপ্রতীকী ছবি

নওগাঁ জেলা কারাগারে বন্দী আব্দুর রশিদ (৫৬) নামের এক আওয়ামী লীগ নেতা অসুস্থ হয়ে মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নওগাঁ কারাগারের জেলার শাহরিয়ার আলম চৌধুরী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

মারা যাওয়া আব্দুর রশিদ নওগাঁর রানীনগর উপজেলার কুজাইল গ্রামের বাসিন্দা। তিনি রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। রানীনগর উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হওয়া একটি মামলায় গত ১৬ ডিসেম্বর গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন।

জেলার শাহরিয়ার আলম চৌধুরী বলেন, আজ বেলা দুইটার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় কারা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালে নিতে বলেন। পরে বেলা তিনটার দিকে তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে বিভাগীয় তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু জার গাফফার বলেন, নওগাঁ কারাগার থেকে অসুস্থ অবস্থায় আব্দুর রশিদ নামের ওই হাজতিকে বেলা তিনটার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই হাজতির মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকের কারণে ওই রোগীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে বলা যাবে।