পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা

শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা কেক নিয়ে শেখ হাসিনার জন্মদিন পালনের চেষ্টা করেন। পুলিশ দেখে তাঁরা কেক ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যানছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালন করতে কেক নিয়ে সড়কে জড়ো হয়েছিলেন কয়েকজন তরুণ। তাঁরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মী বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা কেক ও পাঁচটি মোটরসাইকেল রেখে দ্রুত পালিয়ে যান।

গতকাল শনিবার রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার গরম বাজারের জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সেখান থেকে শেখ হাসিনার ছবি-সংবলিত একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল রাতে জোড়াব্রিজ এলাকায় জড়ো হন কয়েকজন তরুণ। তাঁরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নাম নিয়ে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে সেখানে কেক কেটে জন্মদিন পালন করার উদ্যোগ নেওয়া হয়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে কেক ও মোটরসাইকেল ফেলে তাঁরা দ্রুত পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে শেখ হাসিনার ছবি-সংবলিত একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা প্রথম আলোকে বলেন, সন্ধ্যার পর জোড়াব্রিজ এলাকায় কয়েকজনকে জড়ো হতে দেখা যায়। তাঁরা ছাত্রলীগের নেতা–কর্মী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। পরে সেখানে কেক কাটার আয়োজন করা হয়। পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ প্রথম আলোকে বলেন, সন্ধ্যার পর খবর আসে, নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী কেক নিয়ে সড়কের ওপর জড়ো হয়েছেন। পুলিশ দ্রুত সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা কেক ও পাঁচটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। মোটরসাইকেলগুলোর নম্বর বিআরটিএর মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। মোটরসাইকেলগুলোর মালিক ও ব্যবহারকারীদের শনাক্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

জুলাই গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শরীয়তপুরে আওয়ামী লীগ (কার্যক্রমনিষিদ্ধ) ও সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। পরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপর প্রকাশ্যে দলটির কোনো কর্মসূচি না থাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে ঘিরে বিভিন্ন দিবস পালন এবং দলীয় কর্মসূচিতে ঝটিকা মিছিল করা হয়েছে।

এসব ঘটনায় বিভিন্ন থানায় মামলাও হয়েছে। সর্বশেষ গত শুক্রবার বিকেলে শরীয়তপুর শহরের মাদারীপুর-শরীয়তপুর সড়কে মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই মিছিল থেকে একজনকে আটকও করা হয়।