মেঘনায় পুলিশ-ডাকাতের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই মামলা, আসামি ২১
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে পুলিশ ও ডাকাতদের মধ্যে গোলাগুলির ঘটনায় দুটি মামলা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে ২১ জনকে আসামি করে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়িতে মামলা দুটি হয়।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, মেঘনার এখলাশপুর সীমানায় গত শনিবার রাতে পুলিশ ও ডাকাতদের মধ্যে গোলাগুলি হয়। এ ঘটনায় আজ দুপুরে দুটি মামলা হয়। মোহনপুর ফাঁড়ির উপপরিদর্শক মো. তৌহিদুর রহমান বাদী হয়ে মামলা দুটি করেন। আটক ১৩ এবং পালিয়ে যাওয়া ৮ জনসহ মোট ২১ জনকে আসামি করে মামলাটি হয়। আটক ১৩ ব্যক্তিকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাঁদের চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে।
মোহনপুর নৌ ফাঁড়ির পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কালীপুর এলাকায় একটি বাড়িতে ডাকাতি শেষে ডাকাত দল গত শনিবার সন্ধ্যায় ট্রলারে করে মেঘনার এখলাশপুর সীমানায় আসে। সেখানে আবার ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যায় এবং ওই ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে পুলিশের একজন সদস্য সামান্য আহত হন। গুরুতর আহত হন মো. সালাউদ্দিন (২৮) নামের এক ডাকাত। একপর্যায়ে ওই ডাকাতদের আটক করে পুলিশ।
পুলিশের দাবি, ডাকাতদের ট্রলার থেকে ২টি পাইপগান, ১টি শাবল, ১০টি কিরিচ, ৫টি ককটেল, ৪টি গুলি, ৪টি ছুরি, ২৬টি স্মার্টফোন, ৩৩টি বাটন মুঠোফোন ও ৭ গ্যালন ডিজেল জব্দ করা হয়েছে।