ক্ষেতলালে জেএমবি হামলা
আসামিরা পলাতক থাকায় বিচার শুরুই হচ্ছে না
আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় বারবার পিছিয়ে যাচ্ছে অভিযোগ গঠনের শুনানি। আগামী ২০ নভেম্বর অভিযোগ গঠনে শুনানি হতে পারে।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অভিযানের সময় পুলিশের ওপর জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) হামলা ও অস্ত্র লুটের ঘটনার ১৯ বছর আজ। ২০০৩ সালের এই দিনে উপজেলার উত্তর মহেশপুর গ্রামে জঙ্গি নেতা মন্তেজার রহমানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে হামলার কবলে পড়ে পুলিশ। তখন পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করেছিল। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে এক যুগ আগে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলেও বিচারকাজ শুরু হয়নি।
আদালত একাধিকবার অভিযোগ গঠনের দিন ধার্য করলেও আসামিরা উপস্থিত না হওয়ায় অভিযোগ গঠন করা যায়নি। চলতি বছরের ১৮ এপ্রিল অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু সেদিনও আসামিরা আদালতে উপস্থিত হননি। আগামী ২০ নভেম্বর অভিযোগ গঠনের নতুন দিন ধার্য আছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল।
নৃপেন্দ্রনাথ মণ্ডল প্রথম আলোকে বলেন, ২০০৪ সালে মামলার ১৩ আসামি আদালত থেকে জামিন নেন। এর পর থেকে তাঁরা লাপাত্তা। আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় অভিযোগ গঠনের দিন পিছিয়ে যাচ্ছে। এ কারণে বিচারকাজ শুরু করতে দেরি হচ্ছে। আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, জঙ্গি হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছিল। বেশ কয়েকজন আসামি কারাগারে আছেন। এ কারণে মামলার বিচারকাজে দেরি হচ্ছে। আসামিদের আদালতে হাজির করার দায়িত্ব রাষ্ট্রপক্ষের।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৩ সালের ১৪ আগস্ট রাতে ক্ষেতলালের উত্তর মহেশপুর গ্রামে জঙ্গি নেতা মন্তেজারের বাড়িতে জেএমবির শীর্ষ নেতারা গোপনে বৈঠক করছিলেন। খবর পেয়ে রাতেই বাড়িটি ঘেরাও করে জয়পুরহাট সদর থানার পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবির সদস্যরা সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল শফিসহ ছয় পুলিশ সদস্যকে গুরুতর জখম করে ৩টি শটগান, ৪৫টি গুলি ও ১টি ওয়াকিটকি ছিনিয়ে নেন। ওই রাতে ১৯ জঙ্গিকে আটক করে পুলিশ। পরদিন সদর থানার তৎকালীন উপপরিদর্শক শফিকুল ইসলাম ক্ষেতলাল থানায় একটি মামলা করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করা হয়। এজাহারে অস্ত্র লুট, পুলিশকে হত্যার উদ্দেশ্যে জখম ও মারপিটের অভিযোগ করা হয়।
থানা-পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ওই ঘটনায় গ্রেপ্তার ১৩ আসামি ২০০৪ সালের বিভিন্ন সময়ে আদালত থেকে জামিন পান। এর পর থেকেই তাঁরা পলাতক। কারাগারে আছেন সাত আসামি। এ ছাড়া আসামি শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইসহ শীর্ষ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এবং একজন মারা গেছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দিনাজপুর অঞ্চলের পরিদর্শক জালাল উদ্দীন মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ৩০ জানুয়ারি ৬০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। কিন্তু হামলার সময় আসামি মন্তেজারের বাড়ির পাশে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হলেও বিস্ফোরক আইনে কোনো মামলা করেনি পুলিশ। এ জন্য ২০০৯ সালের ১২ জুলাই রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল মামলাটি পুনরায় তদন্তের জন্য আদালতে আবেদন করেন।
আদালত আবেদনটি আমলে নিয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে সিআইডিকে মামলাটি আবার তদন্তের আদেশ দেন। সিআইডির দিনাজপুর জেলার সহকারী পুলিশ সুপার শেখ আহসান-উল কবীর অস্ত্র উদ্ধারের বিষয়টি পুনরায় তদন্ত করে ২০১০ সালের ২৫ মে ওই ৬০ জনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে আদালতে পৃথক আরেকটি অভিযোগপত্র দেন।
সিআইডির জয়পুরহাটের বিশেষ পুলিশ সুপার শহিদ সোহরাওয়ার্দী বলেন, ‘আমি তখন এখানে ছিলাম না। এ ব্যাপারে কিছুই বলতে পারব না।’ জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, মামলার বিষয়ে আদালতে খোঁজখবর নেওয়া হবে।