শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিন ছাত্রলীগ নেতার পদত্যাগ
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন তিন নেতা। গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাঁরা এ কথা জানান।
ওই তিনজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক জাকি তাজওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান ও ছাত্রলীগের দিনাজপুরের বিরামপুর পৌর শাখার সাংগঠনিক সম্পাদক রওনক চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুদ্রণ ও প্রকাশনা অধ্যয়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাকি তাজওয়ার বগুড়া জিলা স্কুলের ২০১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার রাতে জাকি ফেসবুকে লেখেন, ‘... লুকানোর কিছু নেই। ছাত্রলীগের মিছিলে স্লোগানে পেয়েছেন। তারুণ্যের জয়গানে পেয়েছেন। কখনো কি সহিংসতায় দেখেছেন? আক্রান্ত হয়েছেন? আজ আমরা আক্রান্ত, আপনাদের সঙ্গে আক্রান্ত। নীতি আর আদর্শের ভাষা এসব শেখায়নি। আমরা এ দেশের সন্তান। বড় করে বলি সূর্যসন্তান। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?’
মুঠোফোনে জাকি তাজওয়ার বলেন, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা করা হয়েছে। একটা তারুণ্যদীপ্তি প্রজন্মের গণদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে বিশেষ কারও এজেন্ডা বাস্তবায়ন ছাত্রলীগের আদর্শের সঙ্গে নীতিগতভাবে যায় না। এটা ছাত্রলীগের আদর্শের পরিপন্থী। মঙ্গলবার বিকেলে বগুড়া জিলা স্কুলের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের ন্যক্কারজনক হামলা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান মঙ্গলবার রাতে ফেসবুকে লেখেন, ‘বঙ্গবন্ধুর ছাত্রলীগ এখন আর নেই। আমি মো. মেহেদি হাসান সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলাম। ছাত্রলীগ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আগে যা করেছি, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছি। আর কোনো দিন ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডে নিজেকে জড়িত রাখব না। ছাত্রলীগ থেকে নিজেকে সরিয়ে নিলাম পুরোপুরিভাবে।’
উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটির সভাপতি শরিফ উদ্দিন ও সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ বলেন, দুই বছর আগে সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। তাঁদের কোনো কার্যক্রম না থাকায় দেড় মাস আগে ওই কমিটি বাতিল করা হয়েছে। নতুন করে কমিটি ঘোষণা করা হবে। এ ছাড়া মেহেদি হাসান দুই মাস আগে দেশের বাইরে চলে গেছেন। তাঁর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। তবে এ বিষয়ে মেহেদি হাসানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
মঙ্গলবার বিকেলে সারা দেশে চলমান শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে বিরামপুর পৌর শাখার সাংগঠনিক সম্পাদক রওনক চৌধুরী ওরফে রিফাত চৌধুরী ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি লেখেন, ‘আজকে এই মুহূর্ত থেকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে পদত্যাগ ঘোষণা করলাম। আজকের পর থেকে ছাত্রলীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই। আমি একজন সাধারণ শিক্ষার্থী। আমার অধিকার আদায়ে আমি সব সময় প্রস্তুত। কোটা আন্দোলনের সব কর্মসূচিতে আমি অংশগ্রহণ করব, ইনশা আল্লাহ।’
এ বিষয়ে বিরামপুর পৌর শাখার সভাপতি মোস্তাকিম ইসলাম বলেন, ‘ও (রওনক) তো ফেসবুকে লিখেছে, ও তো আমাদের কাছে লিখিত কোনো কিছু দেয়নি। ফেসবুকে লিখলে যে পদত্যাগ হবে, এমন তো নয়। তাঁর কাছ থেকে অফিশিয়ালি তাঁর লিখিত কোনো কাগজ পাইনি। এটি নিয়ে আমরা তাঁর সঙ্গে বসব। সংগঠনের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ হচ্ছে, এ বিষয়ে কথা হবে।’
রওনক চৌধুরী এ বিষয়ে বলেন, ‘বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের যে কোটা সংস্কার আন্দোলন চলছে, সেখানে একাত্মতা প্রকাশ করার জন্য আমার এ সিদ্ধান্ত নেওয়া। এটি তো (পদত্যাগ) একটি অনেক বড় প্রসেস (প্রক্রিয়া)। আমার সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর শাখায় পদত্যাগপত্র জমা দিতে হবে। যাঁরা দপ্তর শাখায় আছেন, তাঁরা তো এখন সাংগঠনিক কাজে ব্যস্ত। সবাই তো এখন রাজপথে। যেহেতু বর্তমানে জেলা কমিটি নেই, সে জন্য কেন্দ্রীয় কমিটির দপ্তর শাখায় যোগাযোগ করে আমি আমার পদত্যাগপত্র জমা দেব।’
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, বগুড়া এবং প্রতিনিধি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া ও বিরামপুর, দিনাজপুর]