লালমনিরহাটে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার বৈঠক, সীমান্ত হত্যা ও ‘পুশ ইন’ নিয়ে আলোচনা

রংপুর বিজিবি ও গোপালপুর বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক। গতকাল বুধবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তেছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তে গুলি করে বাংলাদেশি নাগরিকদের হত্যা ও জোরপূর্বক ‘পুশ ইন’ (ঠেলে পাঠানো) বন্ধ করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির রংপুর সেক্টর ও বিএসএফের গোপালপুর সেক্টর কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে এই আহ্বান জানানো হয়।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় লালমনিরহাটের পাটগ্রামের জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ী সীমান্তে এই বৈঠক হয়। প্রায় দুই ঘণ্টা স্থায়ী বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল রোবায়েত হাসান। বিএসএফের পক্ষে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার গোপালপুর সেক্টরের কমান্ডার সংকটা প্রসাদ বৈঠকে নেতৃত্ব দেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্তে গুলি করে মানুষ হতাহত করা এবং ‘পুশ ইনের’ ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুশ ইনের ঘটনা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা বা অবকাঠামো নির্মাণ না করা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিহত করা, চোরাচালানসহ আন্তরাষ্ট্রীয় অপরাধ দমনে তথ্য আদান-প্রদানের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে আহ্বান জানানো হয়।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির রংপুর সেক্টর কমান্ডার রোবায়েত হাসান। আজ বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত কার্টেসি মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্ত হয়েছে।